এবার 'নড়াইল এক্সপ্রেস' নিয়ে মাশরাফি
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলের উন্নয়নের জন্য ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়েছেন।
আজ রোববার বেলা ১১টার দিকে মাশরাফি শহরের আলাদাদপুরে তাঁর মামাবাড়িতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এর প্রথম পদক্ষেপ হিসেবে আগামীকাল সোমবার বিকেল চারটায় শহরের চিত্রা নদীর রূপগঞ্জ বাঁধাঘাট এলাকা থেকে ‘রান ফর নড়াইল’ নামের একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ফাউন্ডেশন জেলার আটটি বিষয়ে লক্ষ্য অর্জনের প্রস্তাব করেছে। উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষাব্যবস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, বেকারত্ব দূর করার ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীকে ঘিরে আকর্ষণীয় পর্যটন এলাকা করা, আইসিটি শহরে রূপান্তরিত করা এবং পরিবেশবান্ধব শহর গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।