এবার 'বাটাগুর বাসকা'র ২৯ ছানা
সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রে দ্বিতীয়বারের মতো বিলুপ্তপ্রায় কাইট্টা কচ্ছপ বা ‘বাটাগুর বাসকা’ প্রজাতির কচ্ছপের ২৯টি ছানার জন্ম হয়েছে। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত ৩ ধাপে ৩২টি ডিম থেকে এই ২৯টি ছানা পেয়েছে কেন্দ্র। এর আগে ১৩ মে অন্য একটি নারী কচ্ছপের ৩১টি ডিম থেকে ২৮টি ছানা পেয়েছিল কেন্দ্র।
আজ মঙ্গলবার দুপুরে করমজল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ছানাগুলো কেন্দ্রের সুরক্ষিত চৌবাচ্চায় ছেড়ে দেওয়া হয়েছে। এরা সুস্থ আছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্র সূত্রে জানা যায়, বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলীয় অঞ্চলে দেখা যেত। কিন্তু অন্যান্য দেশে এই প্রজাতির কচ্ছপ এখন প্রায় দেখাই যায় না। বাংলাদেশেও এই প্রজাতির কচ্ছপ বিলুপ্তির পথে। এই প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশে ২০১০ সালে ভিয়েনা চিড়িয়াখানা কর্তৃপক্ষের আর্ধিক সহায়তায় বন বিভাগ, যুক্তরাষ্ট্রের টারটেল সারভাইভাল অ্যালায়েন্স ও বেসরকারি সংস্থা ক্যারিনামের যৌথ উদ্যোগে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে এই প্রজাতির বংশবিস্তার রক্ষায় প্রথম কার্যক্রম শুরু হয়। ২০১২ ও ১৩ সালে দুই বছরে এ কেন্দ্রে কৃত্রিমভাবে ৮৪টি বাচ্চা উৎপাদন করা হয়। যেহেতু এই প্রজাতি উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়, সে জন্য ২০১৪ সালে অন্য তিনটি সংস্থার সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন বিভাগের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রে এর দ্বিতীয় প্রকল্পের কার্যক্রম শুরু হয়। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান থেকে এবং জেলেদের জালে আটক বড় ৮টি ও ছোট ২০টি মিলিয়ে ২৮টি বাটাগুর বাসকা কচ্ছপ দিয়ে এর কার্যক্রম শুরু হয়। একজন কর্মকর্তা ও একজন কর্মচারী দিয়ে এই কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হয়। বাটাগুর বাসকার প্রজনন, বংশবিস্তার, খাদ্যাভ্যাস, গতিবিধি নির্ণয়সহ নানা বিষয়ে তাঁরা কাজ করে যাচ্ছেন।
করমজল কেন্দ্রের কচ্ছপ প্রজনন ও রক্ষণাবেক্ষণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বন্য প্রাণী বিশেষজ্ঞ আব্দুর রব বলেন, এ কেন্দ্রে গত ১৯ মার্চ দ্বিতীয় দফায় ৩২টি ডিম দেয় বাটাগুর বাসকা প্রজাতির একটি নারী কচ্ছপ। সেই ৩২টি ডিমের থেকে গত ২১ মে থেকে ২৩ মে দুপুর পর্যন্ত তিন ধাপে ২৯টি ডিম থেকে ২৯টি বাচ্চা পায় কেন্দ্র। বাকি তিনটি ডিমের মধ্যে একটি বাচ্চা ডিমের মধ্যে মারা গিয়েছে ও দুটি নষ্ট হয়ে গিয়েছে। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর সেগুলো কয়েক ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর কেন্দ্রের নির্দিষ্ট সুরক্ষিত চৌবাচ্চায় ছাড়া হয়েছে। তিনি আরও বলেন, এর আগে ১৩ মে অন্য একটি নারী কচ্ছপের দেওয়া ৩১টি ডিম থেকে ২৮টি বাচ্চা পেয়েছিল কেন্দ্র। দুই নারী কচ্ছপের দেওয়া ৬৩টি ডিম থেকে ৫৭টি বাচ্চা পেল কেন্দ্র। কেন্দ্রে পূর্ণ বয়স্ক নারী কচ্ছপের সংখ্যা চার হলেও এ বছর দুটি কচ্ছপ থেকে ডিম পেয়েছে কেন্দ্র। অন্য দুটি ডিম দেয়নি। আব্দুর রব আরও বলেন, এ কেন্দ্রে জন্ম নেওয়া কচ্ছপগুলো একটু বড় হলে পর্যায়ক্রমে সুন্দরবনসহ উপকূলীয় নদ-নদীতে ছেড়ে দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, দেশি ভাষায় পরিচিত কাইট্যা কচ্ছপ বা কেটো কচ্ছপের বৈজ্ঞানিক নাম বাটাগুর বাসকা। ইংরেজিতে এটিকে নর্দার্ন রিভার টেরাপিন বলে। একটি পূর্ণ বয়স্ক বাটাগুর বাসকা ৬০ সেন্টিমটার পর্যন্ত লম্বা হয়। ওজন দাঁড়ায় ১৮ থেকে ২০ কেজি পর্যন্ত। গড় আয়ু ৪০ বছর। এটি মিঠা ও লবণ—দুই পানিতেই থাকতে পারে। এই ক্ষমতা অন্য কোনো কচ্ছপের নেই।
মোখলেছুর রহমান বলেন, পূর্ণ বয়স্ক পুরুষ কচ্ছপের খোলসের রং বাদামি থেকে সবুজ। আর নারী কচ্ছপের খোলসের রং জলপাই ধূসর। নারী কচ্ছপ বছরে ৫০ থেকে ৬০টি ডিম দেয়। মজার বিষয় হলো, ডিম দেওয়ার সময় নারী কচ্ছপ কোনো খাবারই খায় না। প্রকৃতি সংরক্ষণ বিষয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) মহাবিপন্ন প্রাণীর তালিকায় এই কচ্ছপের নাম রয়েছে। এই মহাবিপন্ন প্রজাতির কচ্ছপকে রক্ষার জন্য এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
বর্তমানে করমজল কেন্দ্রে পূর্ণ বয়স্ক ৪টি নারী, ৭টি পুরুষসহ ১১টি বড় কচ্ছপ ও ১১২টি মাঝবয়সী কচ্ছপ রয়েছে। এ কচ্ছপগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। প্রজননকেন্দ্রে প্রথম জন্ম নেওয়া ২৮টি বাচ্চা, দ্বিতীয় দফায় ২৯টি বাচ্চাসহ বর্তমানে কেন্দ্রে কচ্ছপের সংখ্যা ১৮০।