এবার ‘সম্ভ্রম’ হারাবে বিদ্যালয়টি!
দুই বছর আগে এক ছাত্রীর শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়েন নাটোরের সিংড়া উপজেলার চামারী বিএন উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার। শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করে। হঠাৎ ওই শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাটির তদন্ত করবেন বলে স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছেন। এ জন্য প্রধান শিক্ষককে আজ বৃহস্পতিবার বিকেলে স্কুলমাঠে সংশ্লিষ্টদের নিয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।জনসমক্ষে স্পর্শকাতর একটি বিষয়ে তদন্তের নামে প্রহসন হতে পারে বলে প্রধান শিক্ষক ধারণা করছেন। ভুক্তভোগী ছাত্রী বলছে, অভিযুক্ত শিক্ষক স্কুলে ফিরে আসতেই তথাকথিত তদন্তের আয়োজন করেছেন। মানবাধিকার সংস্থা বলছে, সবার সামনে ওই ঘটনার বর্ণনা দিতে যাওয়া মানে মেয়েটিকে আবার লাঞ্ছিত করার শামিল। এতে মানবাধিকার লঙ্ঘিত হবে। আইন অনুসারে একজন শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ ইউএনওর তদন্তের এখতিয়ার নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।স্কুল সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ আগস্ট বিকেলে স্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রীকে কৌশলে নাটোর শহরের সমতা ক্লিনিকে নিয়ে যান শিক্ষক প্রশান্ত কুমার। তিনি অসুস্থ স্ত্রীকে দেখানোর কথা বলে ছাত্রীটিকে ক্লিনিকের তৃতীয় তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলে নিয়ে যান। একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টাকালে ওই ছাত্রী চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন ছুটে আসে এবং ছাত্রীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে মেয়েটি নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়। সে সময় সংবাদমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। কর্তৃপক্ষ সরকারি মঞ্জুরি বাতিলের জন্য মন্ত্রণালয় ও রাজশাহী মাধ্যমিক শিক্ষা বোর্ডে চিঠি দেয়। অভিযুক্ত শিক্ষকও বোর্ডে মঞ্জুরি বাতিল না করার আবেদন করেন। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সে সময় (২৯ মার্চ ২০১০) সিংড়ার ইউএনওকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। প্রায় এক বছর পার হলেও সেই তদন্ত হয়নি। হঠাৎ করে ইউএনও গত ২৮ ফেব্রুয়ারি চামারী বিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠান। চিঠিতে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে তিনি বিদ্যালয় মাঠে প্রকাশ্যে ওই ঘটনার তদন্ত করবেন বলে জানান।ভুক্তভোগী ছাত্রীটি বর্তমানে চামারী মহাবিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ে। সে প্রথম আলোকে বলে, ‘হাতেনাতে ধরার পরও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে আমি সে সময় বিচার পাইনি। স্কুল কর্তৃপক্ষ স্যারকে বের করে দেওয়ায় কিছুটা শান্তি পেয়েছি। এখন আবার প্রকাশ্যে তদন্তের সিদ্ধান্ত নেওয়ায় আমি চিন্তায় পড়েছি। ভয় হচ্ছে, ওই শিক্ষক যেকোনো প্রকারে স্কুলে ফিরে আসতে পারে।’প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন, ‘ওই শিক্ষকের কারণে এলাকার লোকজন তাঁদের ছেলেমেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছিল। এ মুহূর্তে হঠাৎ তদন্ত হলে নতুন কোন পরিস্থিতির সৃষ্টি হবে কে জানে। ইতিমধ্যে বহিষ্কৃত ওই শিক্ষকের পক্ষে কিছু প্রভাবশালী তাঁকে পুনর্নিয়োগের জন্য স্কুল কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন। তদন্তের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মনে হচ্ছে।’নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের আইনজীবী শাহজাহান কবীর বলেন, ‘ধর্ষণের অভিযোগ একটি ধর্তব্য অপরাধ। এই অভিযোগের তদন্ত করতে পারেন পুলিশের উপপরিদর্শক বা তদূর্ধ্ব কর্মকর্তা বা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নির্দেশিত কোনো কর্মকর্তা। এর বাইরে এ ধরনের অভিযোগ তদন্ত করার এখতিয়ার কারও নেই।’ মানবাধিকার সংস্থা নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, ‘দীর্ঘদিন পর মেয়েটিকে কেন আবার তার করুণ পরিণতির কথা সবার সামনে তুলে ধরতে হবে? এতে মেয়েটির মানবাধিকার লঙ্ঘিত হবে।’অভিযুক্ত শিক্ষক প্রশান্ত কুমার দাবি করেন, তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানি করেননি। তাঁকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে দেরি হওয়ার কথা স্বীকার করে সিংড়ার ইউএনও আতাউল গণি প্রথম আলোকে বলেন, ‘আমি আসলে ভুলে গিয়েছিলাম। সবার সুবিধার জন্যই বিদ্যালয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনো ফৌজদারি মামলার তদন্ত করতে যাচ্ছি না। শুধু বিভাগীয় অভিযোগ তদন্ত করব।’ তিনি আরও বলেন, ‘ধর্ষণের অভিযোগটি শুধু জানার জন্য ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে একা কথা বলব। কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা চালায়, আমি তদন্ত করব না।’