এবার 'সরকারি অবরোধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন:শিশির
কার্টুন:শিশির

১৮-দলীয় জোটের ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কাল ২৯ ডিসেম্বর। এ কর্মসূচি ঠেকাতে সরকারের অঘোষিত ‘অবরোধ’ শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার থেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকা অভিমুখে বাস ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। কৌশলে সীমিত করা হয়েছে ট্রেন চলাচলও।
‘সরকারি অবরোধ’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ, সরকারি দলের নেতা-কর্মী, সরকার-সমর্থক বাস ও লঞ্চের মালিক-শ্রমিক সংগঠনের নেতারা।
পরিবহন কোম্পানির মালিকেরা জানিয়েছেন, ২৯ ডিসেম্বর পর্যন্ত দূরপাল্লার পথে বাস চালালে নাশকতার আশঙ্কা আছে এবং নিরাপত্তা দেওয়া সম্ভব নয়—এমন কথা বলে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সরকার-সমর্থক মালিক-শ্রমিকনেতারা। এ জন্য গতকাল থেকেই বাস বন্ধ হয়ে গেছে। অল্প যেসব স্থান থেকে বাস চলছে, সেগুলো আজ শনিবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
নৌপথেও সরকার-সমর্থক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে লঞ্চ, স্টিমার ও সি ট্রাক বন্ধ রয়েছে। অনেক স্থানে ফেরি চলাচলও বন্ধ এবং কিছু স্থানে সীমিত করা হয়েছে। রেলপথেও ঢাকামুখী যাত্রী ঠেকাতে টিকিট নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল সকালে ও বৃহস্পতিবার রাতে যেসব যানবাহন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে, সেগুলোর যাত্রীরাও পথে পথে তল্লাশির শিকার হন। কাউকে কাউকে যাত্রাপথে নামিয়ে দেওয়া হয়।
এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে বিরোধী জোটের নয়াপল্টনে সমবেত হওয়ার অনুমতি দেওয়া হয়নি।
তবে গত রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক ভিডিও বার্তায় বলেছেন, কোনো কারণে তিনি উপস্থিত হতে না পারলেও দেশবাসী ও নেতা-কর্মীরা যেন কর্মসূচি চালিয়ে যান।
বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচির সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দফায় দফায় বৈঠক করে বাস চালানোর জন্য বাসমালিকদের অনুরোধ জানিয়েছিলেন। এখন সরকারের পক্ষ থেকেই বাস চলাচল বন্ধ রাখতে বলা হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেল থেকেই অনেক জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে যায়। জেলা-উপজেলায় ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা যাতে বাস ভাড়া করতে না পারেন, সে জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় মাইকিং করে বাস বন্ধ রাখার নির্দেশ দেন সরকার-সমর্থক পরিবহন নেতারা।
পরিবহন খাতের একাধিক সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে মিরপুরে সাংসদ আসলামুল হকের ভাই মফিজুল হকের বাসায় পরিবহন শ্রমিক-মালিকদের ডেকে বৈঠকে বসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সেখানে আসলামুল হকও ছিলেন। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে এ বৈঠক থেকে বাস না চালানোর নির্দেশ দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা যায়।
পরিবহন খাতের সরকার-সমর্থক একাধিক নেতা জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়েও পরিবহন নেতাদের ডেকে নিয়ে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র জানায়, সরকারের অঘোষিত অবরোধ বাস্তবায়নের কাজে সমন্বয় করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মুজিবুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।
অখ্যাত সংগঠন ‘চট্টগ্রাম বিভাগীয় মটর চালক লীগ’ আজ শনিবার থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। পরিবহন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাস, ট্রাক কিংবা গণপরিবহন খাতে কোনো নিয়ন্ত্রণ নেই মোটরচালক লীগের। অল্প কিছু মাইক্রোবাস চলে এই সংগঠনের ব্যানারে।
ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকার তথ্য পাওয়া গেছে। কয়েকজন পাম্প মালিক প্রথম আলোকে জানিয়েছেন, তাঁদের নানাভাবে যানবাহনে জ্বালানি সরবরাহ না করতে বলা হয়েছে। তবে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক তা অস্বীকার করেন। তাঁর মতে, বিচ্ছিন্নভাবে কেউ কেউ জ্বালানি সরবরাহ বন্ধ করতে পারে।
বাস: ঢাকার মহাখালী টার্মিনাল থেকে গতকাল বিকেল থেকেই নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ বিভিন্ন পথের কিছু কিছু মালিক বাস চালানো বন্ধ করে দিয়েছেন।
বগুড়া থেকে বেলা তিনটার পর আর কোনো বাস ছাড়েনি। রাজশাহী থেকে বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটায়। রংপুরে বিকেলে বাস চলাচল বন্ধ হওয়ার কথা মাইকে ঘোষণা করা হয়। পটুয়াখালী ও চুয়াডাঙ্গা থেকে বাস বন্ধ হয়ে যায় সকাল ১০টায়। দুপুর থেকে বাস চলেনি বরিশাল থেকেও।
বগুড়ায় বিভিন্ন বাস কোম্পানির ২০-২৫টি কাউন্টার আছে। ঢাকা-বগুড়া পথের এস আর পরিবহনের বগুড়ার ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ‘বাস ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই আমরা বন্ধ করে দিয়েছি।’
গতকাল বিকেলে কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে কথা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুল আলম ও শাহরিয়ার হোসেনের সঙ্গে। তাঁরা জানান, শনিবার জয়পুরহাট যাওয়ার জন্য টিকিট কেটেছেন। তবে বাস চলবে কি না, কাউন্টার থেকে বলতে পারেনি। ফোন নম্বর রেখে দিয়ে বলেছে, বাস না চললে টিকিট ফেরত নেওয়া হবে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বলেন, ১৮ দলের কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধ করার ঘোষণা শোনার পর থেকে তাঁরা গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সারা দেশে বাস চলাচল করে এমন অন্তত কয়েকটি বড় পরিবহন কোম্পানির মালিক প্রথম আলোকে বলেন, সম্প্রতি নৌমন্ত্রী শাজাহান খানের কথামতো অবরোধে বাস না চালিয়ে ভর্ৎসনার শিকার হন অনেকে। এবার বাস না চালানোর জন্য কড়া নির্দেশ এসেছে। ওই মালিক বলেন, ‘আমরা এখন কই যাব। আসলে ফাটা বাঁশে আমাদের পা আটকে গেছে।’
মহাখালী বাস টার্মিনাল থেকে চলাচলকারী একটি পরিবহন কোম্পানির মালিক বলেন, টার্মিনাল থেকে বের হলেই পুলিশ গাড়ি রিকুইজিশন করছে। মালিক সমিতির পক্ষ থেকে বাস চালাতে নিষেধ করেছে। তাই গতকাল সন্ধ্যার পর বাস বন্ধ হয়ে গেছে।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, বাস বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তার কথা ভেবে যদি কেউ বাস না চালায়, তাতে তাঁদের কিছু করার নেই।
রেলপথ: রেলপথে যাত্রীবেশে যাতে বিরোধী দলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে কেউ যোগ দিতে না পারে, সে জন্য ঢাকার বাইরের সব স্টেশন থেকে আসনবিহীন টিকিট বিক্রির ওপর কড়াকড়ি আরোপ করার নির্দেশনা দেওয়া হয়েছে। টানা অবরোধের কারণে এমনিতেই রেলের সময়সূচি ভেঙে পড়েছে। এর পরও ঢাকামুখী ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে কারণে-অকারণে থামিয়ে রাখার নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন একাধিক রেল কর্মকর্তা।
রেলের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ট্রেন বন্ধ না রেখে কৌশল করে যাত্রী কমানোর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে আগামী দুই দিন আসনবিহীন টিকিট বিক্রি হবে না। মালগাড়ির পরিমাণ বেড়ে যাবে। যাত্রীবাহী ট্রেন বসিয়ে মালগাড়ি পার করা হবে। হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশ এবং বিএনপির এর আগের ‘চল চল ঢাকায় চল’ কর্মসূচিতেও একই কৌশল নেওয়া হয়েছিল। রেল শ্রমিক লীগ কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে পাহারা বসাবে বলেও জানা গেছে।
শামীমা আক্তার ঢাকায় আসার জন্য ফেনী থেকে গতকাল বেলা একটায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে চড়েন। কুমিল্লা আসে পৌনে পাঁচটায়। সন্ধ্যা সাড়ে সাতটায় ভৈরব। অথচ ট্রেনটি বিকেলেই ঢাকায় পৌঁছানোর কথা। এখন গভীর রাতে কীভাবে বাসায় যাবেন এ শঙ্কার কথা ট্রেনে বসে এই প্রতিবেদককে জানান তিনি। ওই যাত্রী জানান, পথে সব স্টেশনেই ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে।
নৌপথ: নৌপথে পুলিশ ও শ্রমিক লীগ মিলে লঞ্চ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘাট শ্রমিক লীগ পাহারা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভোলায় পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীরা পাহারা বসিয়েছেন লঞ্চঘাটে।
ভোলার ২০টি ঘাট থেকে ঢাকা, বরিশাল ও লক্ষ্মীপুরের উদ্দেশে কোনো যাত্রীবাহী লঞ্চ, সি ট্রাক, ফেরি, ইঞ্জিনের নৌকা ছেড়ে যায়নি। ভোলা থেকে প্রতিদিন গড়ে ১২টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছাড়ে। গতকাল ভোলা-বরিশাল, ভোলা-লক্ষ্মীপুর পথেও লঞ্চ-ফেরি ও সি ট্রাক চলেনি।
বৃহস্পতিবার যেসব লঞ্চ চলেছে, সেগুলোর যাত্রীরাও পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের দ্বারা হয়রানির শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ রহমান অ্যান্ড সন্সের ব্যবস্থাপক ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর অভিযোগ করেন, পুলিশ ভোলা থেকে কোনো লঞ্চ ছাড়তে দেয়নি। সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, এ ব্যাপারে তাঁদের কোনো নির্দেশনা নেই।
শুক্রবার সন্ধ্যার পর পটুয়াখালী থেকে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে ছাড়েনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে সৈকত-৯, সুন্দরবন-৯ ও কুয়াকাটা-১ লঞ্চ তিনটি গতকাল ভোরে যাত্রী নিয়ে পটুয়াখালী আসে। সেগুলো সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছাড়েনি।
পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক এস এম বদরুল আলম বলেন, সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা নেই।
ফেরি বন্ধ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলও কমিয়ে দেওয়া হয়েছে। ফেরিঘাটে প্রতিটি যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ফেরিঘাট সূত্র জানায়, গড়ে ১০টি ফেরি সারা দিন যানবাহন পারাপারে ব্যবহূত হয়। কিন্তু গতকাল সন্ধ্যার দিকে অধিকাংশই অলস বসে ছিল।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাকৃতিক কারণ ছাড়া অন্য কোনো কারণে ফেরি বন্ধ রাখার নির্দেশনা নেই।
ফেরি বন্ধ থাকার কারণে ভোলার ফেরিঘাটে শত শত মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে আছে। ইলিশা ফেরিঘাটের পরিবহনকর্মী মো. হোসেন বলেন, তাঁদের গাড়িতে সব চট্টগ্রামের যাত্রী, তার পরও পুলিশ ফেরি ছাড়তে দেয়নি।
নির্বাচনী জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মাওয়া-কাওড়াকান্দি ফেরিঘাট হয়ে ঢাকায় আসেন। এ উপলক্ষে সকাল থেকে ফেরি, স্পিডবোট চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয় বলে বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা)