এবার '১০ মিনিট রাস্তায় শোয়া' কর্মসূচি
রিকশা ভাড়া নির্ধারণ করার দাবিতে এবার ‘১০ মিনিট রাস্তায় শোয়া’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। নগর ভবনের সামনে কাল রোববার সকাল ১০টায় ১০ মিনিট রাস্তায় শুয়ে এ কর্মসূচি পালন করা হবে। গত বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে সিলেট সিটি করপোরেশনের সচিবের কাছে একটি স্মারকলিপি দিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে ১ এপ্রিল সিটি করপোরেশনের সামনে রাস্তায় মশারি টানিয়ে মশা নিধন কর্মসূচি শুরুর দাবি জানিয়েছিল সংগঠনটি। এ কর্মসূচির পর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তর মশা নিধন অভিযান শুরু করেছিল।
সংস্থার সভাপতি এহছানুল হক বলেন, নগরে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র সহজ মাধ্যম রিকশা। কিন্তু সিটি করপোরেশন ভাড়া নির্ধারণ করে না দেওয়ায় এ নিয়ে প্রায়ই বিবাদ দেখা দেয়। নাগরিকদের জন্য এটি একটি সমস্যা হয়ে দাঁড়ানোয় সামাজিক সংগঠনের দায় থেকে এ কর্মসূচি ঘোষণা করতে তাঁরা বাধ্য হয়েছেন।