এবারই প্রথম ভর্তির পুরো টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রনেতাদের ভর্তিবাণিজ্যের কারণে সিলেটের আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠান মদনমোহন কলেজে এবারই প্রথম ভর্তির পুরো টাকা আদায় হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ভর্তি কার্যক্রমে প্রতিবছরই শিক্ষার্থীদের ভর্তির টাকার কিছু না কিছু অংশ বকেয়া থাকত। গত বছর প্রায় ৭০ লাখ টাকা লোপাটের ঘটনায় এবার মুঠোফোনে ভর্তি কাযক্রম শুরু হয়।
কলেজ সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেনির মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি-প্রক্রিয়া গত সোমবার সম্পন্ন হয়। এতে ৬৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় আদায় হয়েছে ৬৭ লাখ ৩২ হাজার টাকা। অপেক্ষমাণ তালিকা থেকে আরও ১৮২ জনকে ভর্তি করা হবে। সেখান থেকে প্রায় ১৮ লাখ টাকা আয় হবে।
কলেজ প্রতিষ্ঠার ৭৪ বছরে এটি একটি বড় অর্জন হিসেবে আখ্যায়িত করে কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘এটি একটি রেকর্ড। একইভাবে চলতি বছর থেকে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীর সমুদয় টাকা উত্তোলন সম্ভব বলে আমরা মনে করছি।’
মদনমোহন কলেজ ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় এক যুগ ধরে ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ ও ছাত্রদল সভাপতি কাজী মেরাজের নেতৃত্বে ভর্তিবাণিজ্য সম্পন্ন হতো। অরুণ-মেরাজের নেতৃত্বে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের শিক্ষার্থীদের ভর্তি ও বেতনের টাকা সংগ্রহ করতেন। সংগৃহীত টাকার সামান্য কলেজে জমা দিয়ে শিক্ষার্থীদের অনেকটা জোরপূর্বক ভর্তি করিয়ে নিতেন। পরে ভর্তি ও বেতনের উদ্ধৃত টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতেন।
গত বছরের ২৪ সেপ্টেম্বর মদনমোহন কলেজের অরুণসহ ছাত্রনেতাদের ‘বদমাশ’ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের ভর্তির প্রায় ৭০ লাখ টাকা লোপাটের তথ্য প্রকাশ করেছিলেন স্থানীয় সাংসদ ও তৎকালীন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবুল মাল আবদুল মুহিত। এর পর থেকেই ওই ছাত্রনেতারা সমালোচিত হন।