
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলছে চার লেন প্রকল্পের কাজ। এতে মহাসড়কের ময়মনসিংহ অংশের কোথাও কোথাও সরু হয়ে গেছে। এর ওপর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ, বৃষ্টি হলে জমে থাকছে পানি। মহাসড়কের এমন হাল আসন্ন ঈদ উপলক্ষে বাড়িমুখী মানুষের ভোগান্তির কারণ হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ওই পথে চলাচলকারী মানুষ।
চার লেন প্রকল্প সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে ৯০২ কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীত করার প্রকল্পটি ২০১০ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০১৩ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজের পাঁচ ভাগের এক ভাগও না হওয়ায় দ্বিতীয় দফায় প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের জুন পর্যন্ত করা হয়। একই সঙ্গে প্রকল্পের ব্যয় বাড়িয়ে এক হাজার ৮১৫ কোটি টাকা করা হয়। এর পর কাজ দ্রুতগতিতে এগোতে থাকে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন পর্যন্ত ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি প্রায় এক বছরে অবশিষ্ট কাজ শেষ করা কঠিন হলেও তাঁরা আশাবাদী।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আগের মেয়াদে কাজের অগ্রগতি একাধিকবার পরিদর্শন করে দ্রুত কাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ গত এপ্রিল মাসে তিনি কাজের অগ্রগতি পরিদর্শন এবং প্রকল্পের অধীনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট ও ভালুকার থানাসংলগ্ন খিরু নদীর ওপর দুটি সেতু উদ্বোধনকালে গণমাধ্যমকর্মীদের বলেন, ২০১৫ সালের মার্চ মাসের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শেষ করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত একজন প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ‘যোগাযোগমন্ত্রীর আশাবাদকে দেশবাসীর কাছে বাস্তবে রূপ দিতে আমরা খুব দ্রুত কাজ শেষ করতে চাই। তার পরও বাস্তবতা হলো, ২০১৫ সালের মার্চের মধ্যে শতভাগ কাজ শেষ করা কঠিন হবে।’
প্রকল্প সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন করার প্রকল্পের কাজ চার ভাগে করা হচ্ছে। এর মধ্যে ময়মনসিংহ অংশে পড়েছে ময়মনসিংহ শহরের চারপাড়া মোড় থেকে ত্রিশালের রায়মণি বাজার এবং রায়মণি বাজার থেকে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর বাজার পর্যন্ত অংশ।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার বাইপাস মোড়, চুরখাই, ত্রিশালের বইলর, ত্রিশাল বাসস্ট্যান্ড, বগার বাজার এলাকায় স্থানে স্থানে খানাখন্দ। এসব খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় অনেক জায়গা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব এলাকায় চার লেনের কাজের জন্য মাটি খুঁড়ে মহাসড়কের পাশে রাখায় তা সরু হয়ে গেছে। ফলে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। মজিবুর রহমান নামের একজন বাসচালক জানান, মহাসড়কের এই অবস্থার জন্য চালক ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে। এখনই ঢাকা থেকে ময়মনসিংহে আসতে আগের চেয়ে দ্বিগুণ বা তার চেয়ে বেশি সময় লাগে। মহাসড়ক ঠিক করা না হলে আসন্ন ঈদে কী হবে, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। একই রকম শঙ্কার কথা জানালেন আরও কয়েকজন চালক ও যাত্রী। আগে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগত প্রায় আড়াই ঘণ্টা।
ভালুকা অংশে চার লেনের কাজ অনেকটা এগোলেও ভরাডোবা এলাকায় রয়েছে বেশ কিছু খানাখন্দ। সেখানে বাসে থাকা কয়েকজন যাত্রী আলাপকালে বললেন, মহাসড়কের এমন দশা থাকলে ঈদে যাত্রী ভোগান্তি ব্যাপক হতে পারে।
সরেজমিনে দেখা যায়, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধা কিলোমিটার মহাসড়ক কাদা থাকায় ধানখেতের মতো হয়ে আছে। কাদার কারণে বাস, ট্রাক চলছে ঝুঁকি নিয়ে। সকালে ত্রিশাল বাসস্ট্যান্ডে স্থানীয় কয়েকজন আলাপকালে জানান, সড়কের এ অবস্থার জন্য চলাচলে খুব ভোগান্তি হচ্ছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। তখন সড়ক পারাপারের জন্য ১০ টাকা রিকশা ভাড়া গুনতে হয়। ওই সড়ক দিয়ে যানবাহনকে চলতে হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সংগত কারণেই প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানো হয়েছে। এই মেয়াদেই কাজ শেষ করা সম্ভব। তিনি জানান, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের অবস্থা তিনিও শুনেছেন। আবহাওয়া অনুকূলে এলে সেখানে কিছু কাজ করে সড়ক চলাচলের উপযোগী করা হবে। এ ছাড়া ঈদে মানুষের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।