এবারও চুপ বিএনপি

বরাবরের মতো এবারও মানবতাবিরোধী অপরাধের রায় নিয়ে প্রতিক্রিয়াহীন জামায়াতের রাজনৈতিক মিত্র প্রধান বিরোধী দল বিএনপি।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আপিল বিভাগের প্রথম রায় এটি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় দিয়েছেন। কোনো রায় নিয়েই কোনো মন্তব্য করেনি বিএনপি।
কাদের মোল্লার বিরুদ্ধে রায়ের পর সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন আসামির প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি কাদের মোল্লার ফাঁসির রায়কে ‘একটি ভুল রায়’ বলে দাবি করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। তবে তাঁরা সেখানে কোনো প্রতিক্রিয়া জানাননি।
রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘এ রায়ের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। দলের বক্তব্য পরে জানানো হবে।’
দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলো ডটকমকে বলেন, এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে দলের পক্ষ থেকে এখনো বলা হয়নি।’
এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় দিয়েছে। সব কটি রায়ের পরই চুপ ছিল বিএনপি। প্রতিবারই বলা হয়েছিল, পরে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি দলটি।
জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপিদলীয় সাবেক সাংসদ আবদুুল আলীমের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আদালতে মামলা চলছে।
রায় নিয়ে আওয়ামী লীগ, জামায়াতসহ প্রায় সব দলই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিন্তু শুরু থেকেই এ বিষয়ে চুপ থেকেছে প্রধান বিরোধী দল। কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়ের পরও চুপ বিএনপি।