এবারও চুপ বিএনপি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি বিএনপি।এর আগে বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতের অপর তিন নেতার বিরুদ্ধে দেওয়া রায় নিয়েও নিশ্চুপ ছিল দলটি। প্রতিবারই বলা হয়েছিল, পরে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়াই জানায়নি বিএনপি।জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও দলের সাবেক সাংসদ আবদুল আলীমের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আদালতে মামলা চলছে।গতকাল সোমবার গোলাম আযমকে দোষী সাব্যস্ত করে ৯০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ, জামায়াতসহ সব রাজনৈতিক দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। তবে বরাবরের মতো এবারও চুপ বিএনপি। দলটি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যোগাযোগ করা হলে দলের নেতারাও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কেবল দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে দলীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে। সকালে দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রায় নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। গতকাল বিএনপি চেয়ারপারসনের ইফতার পার্টিতে আসা কয়েকজন স্থায়ী কমিটির সদস্যের কাছে রায়ের বিষয়ে জানতে চাওয়া হয়। তাঁরা বলেছেন, এ নিয়ে কোনো মতামত দেওয়ার বিষয়ে দলের কোনো সিদ্ধান্ত নেই। এ ছাড়া টেলিফোনে মতামত জানতে চাওয়া হয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিনের কাছে। তাঁরাও মতামত দিতে অস্বীকৃতি জানান।