এবারও জলাবদ্ধতার আশঙ্কা

কপোতাক্ষ খনন করে মাটি নদের ভেতরেই স্তূপ করে রাখা হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এ মাটি ধসে পড়ছে। খননের মাটি নদ থেকে নির্দিষ্ট দূরে ফেলার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।
যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ঠিকাদারেরা এ খননকাজ করছেন। গত রোববার সরেজমিনে দেখা গেছে, তালা উপজেলার মোবারকপুর, মাগুরা, মেলাবাজার, চরগ্রাম, মাঝিহারা ও পাটকেলঘাটায় নদের অনেক স্থানে খননকাজ চলছে। কয়েকটি জায়গায় নদ আড়াআড়িভাবে খনন করে মাটি পাড়েই স্তূপ করে রাখা হয়েছে। মাটির স্তূপের অনেকটা আবার নদের মধ্যেই চলে এসেছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এ উঁচু পাড় কোথাও কোথাও ধসে পড়ছে। আবার কোথাও বসে যাচ্ছে। এদিকে নদের সঙ্গে সংযোগ খালগুলোর মুখ মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়েছে।
কয়েকজন এলাকাবাসী বলেন, বৃষ্টি হলে লোকালয়ের পানি সরতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হবে। খনন করা হলেও কপোতাক্ষ নদের পাশের গ্রামগুলো এ বছরও জলাবদ্ধ হবে বলে আশঙ্কা করছেন তাঁরা। তালা উপজেলার মাগুরা গ্রামের এনছার আলী বলেন, যেভাবে খনন করা হচ্ছে, তাতে বর্ষা যেতে না যেতেই আবার নদ ভরাট হয়ে যাবে। একই গ্রামের শিক্ষক জনাব আলী বলেন, এত দিন কপোতাক্ষ নদ দিয়ে বর্ষার পানি অল্প হলেও নিষ্কাশন হতো। এবার নদ খনন করে মাটি পাড়ে এমনভাবে রাখা হচ্ছে যে পানি বের হতে না পেরে বর্ষা মৌসুমে ডুবে মরতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কেশবপুর উপবিভাগীয় দপ্তরের কর্মকর্তারা জানান, ২০১১-১২ অর্থবছরে কপোতাক্ষ নদ খননের জন্য চার বছরমেয়াদি প্রায় ২৬২ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে ২১ দশমিক ২৫০ কিলোমিটার খনন করা হচ্ছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা।
কপোতাক্ষ ভরাট হয়ে যাওয়ায় গত প্রায় ১০ বছর ধরে নদের তীরের গ্রামগুলো বছরে পাঁচ-ছয় মাস জলাবদ্ধ থাকছে। নতুন প্রকল্পের আওতায় গত বছর খনন শুরু হলেও জলাবদ্ধতা নিরসন হয়নি।
শিডিউল অনুযায়ী, কপোতাক্ষ নদ খননের পর তালা উপজেলার গোনালীনলতা এলাকায় ওপরের প্রস্থ হবে ৬০ মিটার, তলদেশের প্রস্থ ৫০ মিটার ও গভীরতা হবে সাড়ে তিন মিটার থেকে চার মিটার। আবার পাটকেলঘাটা এলাকায় ওপরের প্রস্থ ৪৫ মিটার, তলদেশের প্রস্থ ৩০ মিটার ও দুই থেকে আড়াই মিটার গভীর হবে। এসব মাটি খনন করে নদের পাড় থেকে কমপক্ষে ৪৫ মিটার দূরে ফেলতে হবে।
তবে সরেজমিনে দেখা যায়, পাটকেলঘাটা এলাকায় নদের ওপরের প্রস্থ ২০-২৫ মিটারের মধ্যে। নদের তলদেশের প্রস্থ ও গভীরতা সম্পর্কে জানা যায়নি।
বারুইপাড়া গ্রামের নিমাই দেবনাথ বলেন, কপোতাক্ষ নদ খননে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। অনেক স্থানে নদী খনন করে খাল বানানো হচ্ছে।
খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চলের পানির সমস্যা নিয়ে কাজ করে বেসরকারি সংগঠন কেন্দ্রীয় পানি কমিটি। এই পানি কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, কপোতাক্ষ নদ মূল নকশা অনুযায়ী খনন করা হচ্ছে না।
কপোতাক্ষ নদ খননকাজের একটি অংশের ঠিকাদার বজলুর রহমান বলেন, তাঁরা শিডিউল অনুযায়ী খনন করছেন। কাজ দেখে নিচ্ছেন পাউবোর সংশ্লিষ্ট প্রকৌশলী কর্মকর্তারা।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মুস্তফা লুৎফুল্লাহ বলেন, নদ খনন করে নদের মধ্যেই মাটি রাখা হচ্ছে। এর ফলে কপোতাক্ষ তীরে এবার স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কেশবপুর উপবিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, শিডিউল অনুযায়ী কাজ না করলে ঠিকাদার টাকা পাবেন না। মাটি দূরের স্থানে ফেলার জন্য আলাদা কোনো বরাদ্দ ধরা নেই। নদের তীর থেকে কমপক্ষে ৪৫ মিটার দূরে মাটি ফেলার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সংযোগ খালগুলোর মুখের মাটি সরিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি কয়েকটি পাইপ দিয়ে লোকালয়ের পানি নদে ফেলার ব্যবস্থা নেবেন।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, কপোতাক্ষ নদের তীরে যেভাবে মাটি স্তূপ করে রাখা হচ্ছে, এতে বর্ষা মৌসুমে লোকালয়ের পানি কয়েকটি পাইপ দিয়েও নিষ্কাশন করা যাবে না। ফলে উপজেলার বিশাল এলাকা জলাবদ্ধতায় রূপ নেবে।