বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে গুলি করে নিয়ে যাওয়া দুই বাংলাদেশির সন্ধান দিচ্ছে না মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
গতকাল মঙ্গলবার বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিজিপি জানিয়ে দিয়েছে, নিখোঁজ দুই বাংলাদেশি সম্পর্কে কিছুই জানা যায়নি। গত ২৩ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত আরেকটি উচ্চপর্যায়ের পতাকা বৈঠকে একই কথা জানিয়েছিল বিজিপি।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ ডিসেম্বর সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে বিজিপির গুলিতে আহত হন স্থানীয় কাঠুরিয়া জয়নাল আবেদীন (২০)। এরপর জয়নালকে মিয়ানমারে নিয়ে যান বিজিপির সদস্যরা। পরদিন সকালে একই স্থান থেকে বিজিপি গুলি করে ছৈয়দ আলম (৪০) নামে আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। দুজনের বাড়ি উপজেলার আশারতলী গ্রামে। প্রতিবাদে বিজিবি বাংলাদেশি দুই নাগরিককে ফেরত চেয়ে বিজিপির কাছে দুটি চিঠি পাঠায়। আর মিয়ানমার জানিয়ে দেয়, বাংলাদেশি নাগরিকের ওপর তারা গুলি করেনি। কাউকে ধরেও নিয়ে যায়নি।
এরপর মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে ধরে নেওয়া এবং সীমান্তে গোলাগুলির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় হাঁটাপথে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের লেম্বুছড়ি সীমান্তে আসে সাত সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল। দলের নেতৃত্ব দেন মংডু ১ নম্বর বিজিপি পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল চ তে জা। আর ১১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান মোরশেদ। বিকেল চারটায় পতাকা বৈঠক শেষ হয়। এরপর একই পথে মিয়ানমারে ফিরে যায় বিজিপি।
বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান লে. কর্নেল মো. হাসান মোরশেদ বলেন, বৈঠকে আবারও দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হয়। কিন্তু বিজিপির কমান্ডার জানিয়েছেন, বাংলাদেশি নিখোঁজ সম্পর্কে তাঁরা (বিজিপি) কিছুই জানেন না। তিনি আরও বলেন, ‘বৈঠকে আমরা বিজিপি কমান্ডারকে বলেছি—মৌখিক কথার গুরুত্ব থাকে না। দুই বাংলাদেশি সম্পর্কে মিয়ানমারের বক্তব্য লিখিতভাবে জানাতে হবে। মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত লিখিতভাবে জানাতে আশ্বাস দেয় বিজিপি। আগামী ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।