এবারও দেশসেরা রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে এবারও রাজশাহী শিক্ষা বোর্ড সারা দেশের মধ্যে সেরা হয়েছে। এ নিয়ে তিন বছর রাজশাহী শিক্ষা বোর্ড এ সাফল্য ধরে রেখেছে। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো রাজশাহী শিক্ষা বোর্ড পাসের হারে সারা দেশের মধ্যে সেরা হয়।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, মানুষের সচেতনতা বেড়েছে। তারপরওÑভালো ফল মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপরই নির্ভর করে। শিক্ষা বোর্ডের ভূমিকাটা হচ্ছে সঠিকভাবে মূল্যায়ন করা। এই ভূমিকা সঠিকভাবে পালন করার জন্য এ বছর তাঁরা বোর্ডে পরীক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। তা ছাড়া বিদ্যালয়গুলোতে বোর্ডের পক্ষ থেকে নজরদারিও বাড়ানো হয়েছিল।
রাজশাহী বোর্ডে এ বছর পাসের হার ৯৫ দশমিক ৭০। দ্বিতীয় স্থানে থাকা যশোরে পাসের হার ৯১ দশমিক ৮৫। গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৯৭।
রাজশাহী পিএন বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে রাফা তাবাসসুম। তার বাবা কলেজশিক্ষক সামছুল হক বলেন, সন্তানের ভালোর জন্য মা-বাবাকে এখন শিক্ষকের মতোই সজাগ থাকতে হচ্ছে। একটু অসচেতন হলেই বাচ্চারা অন্যমনস্ক হয়ে পড়ে। তাই মা-বাবাকে সব সময় নজরদারি করতে হয়। তাহলেই ভালো ফল আশা করা যায়।
এবার রাজশাহী বোর্ডে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে ২৫টি, নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২ হাজার ৮৭ জন। সেই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ১ হাজার ৭২১ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৯৪ জন। অথচ গত বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও জিপিএ-৫ কমে গিয়েছিল।
বরাবরের মতো এবারও ছাত্রীদের পাসের হার বেশি। আর জিপিও-৫-এ এগিয়ে ছাত্ররা। ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৮৭, আর ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৫৫।
এবার বোর্ডে ২ হাজার ৬১৩টি বিদ্যালয় থেকে ১ লাখ ৫২ হাজার ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৫ হাজার ৫১৮ জন। এবারও বোর্ডে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের পাসের হার বেশি (৯৮ দশমিক ৭৫ শতাংশ)। দ্বিতীয় স্থানে রয়েছে বাণিজ্য বিভাগ (৯৬ দশমিক ৬৭ শতাংশ)। আর মানবিক বিভাগে পাসের হার ৯২ দশমিক ৯৩।
এ বছর বোর্ডের দুটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত দুই বছর এ ধরনের বিদ্যালয়ের সংখ্যা ছিল শূন্য। এই বিদ্যালয় দুটি হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জের বাসুরিয়া হাইস্কুল ও বেলকুচি উপজেলার খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল ও কলেজ। বাসুরিয়া হাইস্কুল থেকে মাত্র একজন পরীক্ষায় অংশ নিয়েছিল। আর খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল থেকে অংশ নিয়েছিল দুজন।