এবারও দেশসেরা রাজশাহী বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় পাসের হারে এবারও রাজশাহী শিক্ষা বোর্ড সারা দেশের মধ্যে সেরা হয়েছে। এবার এই বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭০। গত বছর এই বোর্ডের পাসের হার ছিল ৯৪ দশমিক ৯৭ ভাগ। গত তিন বছর থেকে রাজশাহী শিক্ষা বোর্ড তাদের এই সাফল্য ধরে রেখেছে। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো রাজশাহী শিক্ষা বোর্ড পাসের হারে সারা দেশের মধ্যে সেরা হয়।

এবার এই বোর্ডে অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে ২৫, নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২ হাজার ৮৭। সেই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ১ হাজার ৭২১। গত বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছিল। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৫৯৪। বরাবরের মতো এবারও ছাত্রীদের পাসের হার কিছুটা বেশি। আবার জিপিও-৫ প্রাপ্ত ছাত্রদের সংখ্যাও কিছুটা বেশি। এবার ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৮৭ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৫৫ শতাংশ।

এবার বোর্ডে ২ হাজার ৬১৩টি বিদ্যালয় থেকে ১ লাখ ৫২ হাজার ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৫ হাজার ৫১৮ জন। বরাবরের মতো এবারও রাজশাহী বোর্ডে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের পাসের হার বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাণিজ্য বিভাগ। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৭৫ শতাংশ। বাণিজ্য বিভাগের পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ। মানবিক বিভাগের এবার পাসের হার ৯২ দশমিক ৯৩ শতাংশ।

তবে এত সাফল্যের মধ্যে এই বোর্ডের দুটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত দুই বছর এ ধরনের বিদ্যালয়ের সংখ্যা ছিল শূন্য। এই বিদ্যালয় দুটি হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জের বাসুরিয়া হাইস্কুল ও বেলকুচি উপজেলার খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল ও কলেজ। প্রথম প্রতিষ্ঠান থেকে একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ও দ্বিতীয়টি থেকে দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে।

রাজশাহী পিএন বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে রাফা তাবাসসুম। তার বাবা কলেজশিক্ষক সামছুল হক বলেন, ‘নিজ সন্তানের ভালো ফলাফলের জন্য বাবা-মাকে শিক্ষকের মতোই এখন সজাগ থাকতে হচ্ছে। একটু অসচেতন হলেই বাচ্চারা অন্যমনস্ক হয়ে পড়ে। এই বিষয়ে বাবা-মাকে সব সময় নজরদারি করতে হয়। তাহলেই ভালো ফলাফল আশা করা যায়।’

রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সারাফ আফরা। ভালো ফলাফলের ব্যাপারে কোচিং সেন্টারের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে সে জানায়, এ জন্য কোচিং সেন্টারের কোনো অবদান নেই। ঠিকমতো ক্লাস করলে কোচিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবে কেউ একান্তই করলে সে হয়তো কিছু সহায়তা পেতে পারে, কিন্তু এটা আবশ্যক নয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ বলেন, সর্বোপরি সমাজের সব শ্রেণির মানুষের সচেতনতা বেড়েছে। তারপরও ভালো ফলাফল মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপরেই নির্ভর করে। শিক্ষা বোর্ডের একটা ছোট ভূমিকা থাকে, সেটা হচ্ছে মূল্যায়নটা সঠিকভাবে করা। এই ভূমিকা সঠিকভাবে পালন করার জন্য বোর্ডে এবারও পরীক্ষকদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। তা ছাড়া বিদ্যালয়গুলোতে পাঠদানের ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য বোর্ডের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছিল।