এবারও নারী ভোটার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খসড়া হালনাগাদ ভোটার তালিকায় এবারও পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা কমেছে। গত সোমবার প্রকাশ করা হালনাগাদ খসড়া তালিকায় সারা দেশে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ২ হাজার ৮১২ জন এবং নারী ৫ লাখ ৯৪ হাজার ৮৬০ জন।
২০০৮ সালে প্রথমবার তৈরি করা ছবিসহ ভোটার তালিকায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল। কিন্তু পরে সব হালনাগাদ তালিকায়ই নারী ভোটার কমেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাড়ি বাড়ি না গিয়ে নির্বাচন অফিসগুলোতে বসে হালনাগাদ করা নারী ভোটার কমার প্রধান কারণ।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ্ প্রথম আলোকে বলেন, নারী ও পুরুষ ভোটারের মধ্যে ব্যবধান চোখে পড়ার মতো। তবে সব এলাকায় নারী ভোটার কম তা নয়। সুনির্দিষ্ট কয়েকটি এলাকায় কম পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, হালনাগাদ তালিকা বাদে বিদ্যমান তালিকায় সারা দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১। এর মধ্যে পুরুষ ৫ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৮ জন এবং নারী ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার ১৮৩ জন।
গত ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ করা হয়। ১৯৯৯ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম বা চলতি বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এ কার্যক্রম নেওয়া হয়। এসব ভোটারের মধ্যে ১১ লাখ ২৬ হাজার ৬৫৫ জনের তথ্য আগেরবারের (২০১৫ সালে) হালনাগাদের সময় সংগ্রহ করা হয়। তাদের মধ্যে যারা বাদ ছিল তাদের তথ্য এবার সংগ্রহ করা হয় এবং এতে খসড়ায় নতুন ভোটার যোগ হয়েছে আরও ৩ লাখ ৭১ হাজার ১৭ জন।
কমিশনের সচিব বলেন, চট্টগ্রামের লোহাগাড়া, আনোয়ারা, পটিয়া, কক্সবাজারসহ কয়েকটি এলাকায় পারিবারিক, সামাজিক কারণে নারীদের অন্তর্মুখী যে অবস্থান তার কারণে এসব এলাকায় নারী ভোটার কম পাওয়া গেছে। এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হয়নি, এটিও একটি কারণ।
প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্তির হার ১.৪৭ শতাংশ। তালিকা চূড়ান্ত হওয়ার পরও যারা বাদ থাকবে তারা বা ১৮ বছর পূর্ণ হলেই সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার হতে পারবে।
বেসরকারি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আবদুল আলীম প্রথম আলোকে বলেন, গতবার চট্টগ্রামসহ যেসব এলাকায় নারী ভোটার কম পাওয়া যায়, এবারও এসব এলাকায়ই কম পাওয়া গেছে। এসব এলাকার জন্য কমিশন বিশেষ কোনো উদ্যোগ নেয়নি। বাড়ি বাড়ি যাওয়া হয়নি।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৬ লাখের বেশি। এর মধ্যে নারী ৭ কোটি ৪৭ লাখ এবং পুরুষ ৭ কোটি ৪৯ লাখ।
২০১৫ সালের ২৫ জুলাই এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলেছিল, ২০০৮ সালে মোট ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। এর মধ্যে নারী ছিল ৪ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯ জন এবং পুরুষ ছিল ৩ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯ জন। ২০১৩ সালের হালনাগাদে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার ২ লাখ ৯১ হাজার ৩৯৯ জন বেশি ছিল।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, ভোটার তালিকা যে গুরুত্ব দিয়ে করা প্রয়োজন, তা করা হচ্ছে না। জনসংখ্যায় নারী ও পুরুষের অনুপাত প্রায় সমান সমান। এক কোটির বেশি মানুষ দেশের বাইরে থাকে। এদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। তাই বাস্তব কারণেই নারী ভোটারের সংখ্যা বেশি হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। ভোটার তালিকায় গলদ থাকলে তা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। নারী ভোটার কেন কমে যাচ্ছে, তা তৃতীয় কোনো পক্ষকে দিয়ে তদন্ত করানো প্রয়োজন।