নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা পাঁচ সাংসদের অনুপস্থিতিতেই গতকাল সোমবার মাসিক সভা হয়েছে। গত সভাতেও জেলায় আওয়ামী লীগের চার ও জাতীয় পার্টির এক সাংসদের কেউই উপস্থিত ছিলেন না।
গতকাল দুপুরে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে ওই সভা হয়। সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ অভিযোগ করেন, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ছত্রছায়ায় পরিবহন খাত থেকে গত পাঁচ বছরে ২০০ কোটি টাকা লুট করা হয়েছে। শামীম ওসামনকে চাঁদা দেওয়া বন্ধ করে তিনটি পরিবহন কোম্পানি জনস্বার্থে বাস ভাড়া কমিয়েছে। ওসমান পরিবার সাধারণ মানুষের গলা কেটে পরিবহন খাত থেকে কোটি টাকা লুট করেছে। দুদকের মাধ্যমে তদন্ত করে ওসমান পরিবারের কাছ থেকে লুটের ২০০ কোটি টাকা আদায় করে তা নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে ব্যয় করা হোক।
জেলা প্রশাসক বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব ও ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে নারায়ণগঞ্জে শিগগিরই সাঁড়াশি অভিযান শুরু হবে।