এবারও প্রভাবশালীদের নাম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় দ্বিতীয় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। ৪৫ জন অবৈধ দখলদারকে সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে এবারও অবৈধ দখলদারদের তালিকায় রাঘববোয়ালদের নাম নেই বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলা প্রশাসনের করা ৬৫ জন দখলদারের তালিকা থেকে গত ২৫ জুন ২০ জনকে উচ্ছেদের নোটিশ দেয় জেলা প্রশাসন। গত ২০ জুলাই থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২০ জন দখলদারের স্থাপনা ভেঙে দেওয়া হয়। ৯ আগস্ট জেলা প্রশাসন ৪৫ জন দখলদারকে উচ্ছেদের নোটিশ দেয়। নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় নির্ধারিত তারিখের পর ফৌজদারি মামলা ও উচ্ছেদসহ সরেজমিনে পাওয়া মালামাল বাজেয়াপ্ত করা হবে।এদিকে তালিকায় এবারও রাঘববোয়ালদের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নোটিশ পাওয়া অনেকেই। নোটিশ পাওয়া আনোয়ার হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ। ছোট একটা ঘর তুলে বাস করছি। আমাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে। কিন্তু পর্যটন মার্কেট ও ঝিনুক মার্কেটে বড় বড় দখলদার রয়েছে, তাদের নাম নেই তালিকায়।’ কুয়াকাটা পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাগর মোল্লা বলেন, তাঁরাও উচ্ছেদের পক্ষে। তবে তালিকায় প্রভাবশালী দখলদারদের নাম নেই। অথচ অনেকেই সরকারি জমি দখল করে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে।কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, কুয়াকাটাকে দখলমুক্ত করতে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে কলাপাড়া উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগোর নেতৃত্বে ভূমি কার্যালয়ের দুজন সার্ভেয়ার ও মহিপুর ইউনিয়ন ভূমি সহকারীসহ চারজনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতি সপ্তাহে কুয়াকাটায় গিয়ে অবৈধ দখলদারদের চিহ্নিত করে তালিকা করবে।