এবারও ফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীতে এবারও মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা হবে না। ১২ মে থেকে শুরু হবে ভর্তির প্রক্রিয়া। ক্লাস শুরু হবে ১ জুলাই। তাই ফলের আনন্দের রেশ কাটতে না কাটতেই ভর্তির চিন্তা শিক্ষার্থীদের। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সারা দেশের কলেজগুলোতে আসন-সংকট না থাকলেও নামী প্রতিষ্ঠানগুলোতে আসন-সংকটের কারণে অনেকে ভালো ফল করেও প্রত্যাশিত কলেজে ভর্তি হতে পারবে না।এবার আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি বোর্ডে উত্তীর্ণ হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৮৯৪ জন। এর মধ্যে আটটি বোর্ডের এসএসসিতে উত্তীর্ণ হয়েছে নয় লাখ চার হাজার ৭৫৬ জন। ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮২ হাজার ২১২ জন।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, রাজধানীতে ভালো মানের কলেজগুলোতে আসন আছে ১৫ হাজারের মতো। দেশের অন্যান্য অঞ্চলের নামী কলেজে আসনসংখ্যা সব মিলিয়ে আরও কয়েক হাজার হবে। এতে এসএসসিতে জিপিএ-৫ পেয়েও মেধাবী অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠিত ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে না। জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, কলেজগুলোতে পর্যাপ্ত আসন আছে। কোনো সংকট হবে না। আসন নিয়ে শিক্ষার্থীদের চিন্তিত হওয়ার কিছু নেই। তবে এটা ঠিক, ভালো কলেজগুলোতে প্রতিযোগিতা হবে, যেটা সব সময়ই হয়।