এবারও ফলের ভিত্তিতে ভর্তি দুশ্চিন্তায় অনেক শিক্ষার্থী
একাদশ শ্রেণীতে এবারও মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তাই ভালো ফল করেও পছন্দের কলেজে ভর্তির দুশ্চিন্তায় পেয়ে বসেছে অনেক শিক্ষার্থীকে।শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এবার কোনো ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই। তাঁরা বলেন, এ জন্য শিগগির একটি নীতিমালা ঠিক করা হবে। তাঁদের লক্ষ্য ভর্তি-কার্যক্রম শেষ করে জুলাইয়ের প্রথম থেকেই ক্লাস শুরু করা। গতবারও পয়লা জুলাই থেকে ক্লাস শুরু হয়েছিল। এবার যথাসম্ভব অনলাইনে ভর্তির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভর্তির বিষয়ে শিগগিরই বসব। সেখানেই বিষয়গুলো ঠিক করা হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত আগের নিয়মেই ভর্তির চিন্তা করা হচ্ছে। অন্য কিছু ভাবা হচ্ছে না।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এবারও আগের মতোই মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। আমরা, বিশেষ করে বড় কলেজগুলোতে ভর্তি-কার্যক্রম অনলাইনে করার চেষ্টা করছি।’এদিকে মাধ্যমিকে নজরকাড়া ফলের আনন্দের রেশ কাটতে না-কাটতেই ভর্তির চিন্তা পেয়ে বসেছে শিক্ষার্থীদের। ভালো ফল করেও ভালো মানের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকেরা। শিক্ষা প্রশাসনের হিসাব অনুযায়ী, একাদশ শ্রেণীতে সার্বিকভাবে আসনসংকট না হলেও জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী আসনস্বল্পতার কারণে তাদের প্রত্যাশিত ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে না।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফল প্রকাশের দিন বলেন, ‘এটা ঠিক যে আমাদের ভালো কলেজের সংখ্যা কম। সবাই চায় ভালো কলেজে ভর্তি হতে। এ জন্য ভালো প্রতিষ্ঠানগুলোতে চাপ পড়ে। তবে সারা দেশে ভর্তিতে আসনসংকট হবে না; বরং গতবার দেখা গেছে, প্রায় এক লাখ আসন খালি ছিল।’গত বৃহস্পতিবার প্রকাশিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১০টি বোর্ডে উত্তীর্ণের হার ৮২ দশমিক ৩১ শতাংশ। ১০ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৯ জন। আর আট বোর্ডের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৭৮৮ শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীতে ভালো মানের কলেজগুলোতে আসনসংখ্যা ১২ থেকে ১৩ হাজারের মতো। বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য অঞ্চলের নামী কলেজে আসনসংখ্যা সব মিলিয়ে আরও কয়েক হাজার হবে। এতে এসএসসিতে জিপিএ-৫ পেয়েও মেধাবী অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠিত ভালো কলেজে ভর্তির সুযোগ পাবে না।