এবারও বাঘ গণনায় ক্যামেরা ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে চলতি মাসের প্রথমার্ধের পর (১৫ থেকে ২০ নভেম্বর) আবারও বাঘ পরিবীক্ষণ শুরু হচ্ছে। এবারও এ কাজে ক্যামেরা ব্যবহার করা হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করা হবে।
যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বাঘ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের বন বিভাগের নেতৃত্বে ওই কার্যক্রম শুরু হচ্ছে। এতে সহযোগিতা করছে বন্য প্রাণীবিষয়ক বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম। এবার গণনায় সুন্দরবনের বাংলাদেশ অংশে পাঁচটি দল কাজ করবে। প্রতি দলে ছয় থেকে আটজন কর্মী থাকবেন। বাঘ পরিবীক্ষণের জন্য ২০০ জোড়া ক্যামেরা ব্যবহার করা হবে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার দায়িত্বে নিয়োজিত বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান বলেন, সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের ঘনত্বের বর্তমান অবস্থা জানার জন্য ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রথম দফায় পরিবীক্ষণ শুরু হবে। বাঘ প্রকল্পের আওতায় দুই বছর ধরে বাংলাদেশ অংশের সুন্দরবনের ৫০ ভাগ (তিন হাজার বর্গকিলোমিটার) এলাকায় এ কার্যক্রম চলবে। চলতি বছর প্রথম পর্যায়ে দেড় হাজার বর্গকিলোমিটার এলাকায় এ কার্যক্রম শুরু হবে। প্রথম দিকে সুন্দরবনের পশ্চিম অংশ সাতক্ষীরা ও খুলনা থেকে কাজ শুরু হবে।
এর আগে ক্যামেরাপদ্ধতিতে সুন্দরবনের বাঘ গণনা জরিপ-২০১৫-এর ফলাফলে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১০৬টি জানানো হয়। ২০০৪ সালে বন বিভাগ ইউএনডিপির সহায়তায় বাঘের পায়ের ছাপ গুনে জরিপ করে। এতে বাঘের সংখ্যা এসেছিল ৪৪০টি। ২০০৬ সালে ক্যামেরায় ছবি তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল হাসান খান ব্রিটিশ জুয়োলজিক্যাল সোসাইটির সহায়তায় বাঘ গণনা করেন। তাতে বাঘের সংখ্যা পাওয়া যায় ২০০টি। ২০১০ সালে বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ যৌথভাবে একটি জরিপ করে। এতে বাঘের সংখ্যা ৪০০ থেকে ৪৫০টি বলে উল্লেখ করা হয়।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে সুন্দরবনের বাংলাদেশ অংশে ৪৫৩টি বাঘ ছিল। ১৯৮৫ সালে এই সংখ্যা দাঁড়ায় ৪৫০টি। ২০১০ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বাঘ সম্মেলনে ২০২২ সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়। বাংলাদেশ এ ঘোষণায় স্বাক্ষর করে। এতে বলা হয়েছিল, বিশ্বের ১৩টি বাঘসমৃদ্ধ দেশ প্রতি দুই বছর পরপর বাঘ গণনা করবে।