জাতীয় বেতন ও চাকরি কমিশনের ‘শতভাগ বেতন বৃদ্ধি’র প্রস্তাব সত্য নয় বলে মনে করে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। সমিতি বলেছে, প্রস্তাবিত বেতনকাঠামো কার্যকর হলে নতুন যাঁরা চাকরিতে এসেছেন বা আসবেন, তাঁরাই বেশি লাভবান হবেন। ৫ থেকে ২০ বছর বা তারও বেশি সময় ধরে যাঁরা চাকরি করছেন, তাঁদের তেমন কোনো লাভ নেই এতে। কারণ, তাঁদের মূল বেতন প্রস্তাবিত বেতনের চেয়ে এখনই বেশি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির সভাপতি মাহফুজুর রহমান। সমিতির মহাসচিব লুৎফর রহমান, সহসভাপতি নাজমা আক্তার, যুগ্ম মহাসচিব সেলিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সমিতি বলেছে, সপ্তম বেতনকাঠামোতে যেমন কর্মচারীদের সঙ্গে বৈষম্য করা হয়েছিল, এবারও তা-ই করা হয়েছে। নতুন কাঠামোতে কর্মকর্তাদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করলেও কমিশন কর্মচারীদের প্রতি অবহেলা দেখিয়েছে। অথচ কর্মচারীরাই মোট সরকারি চাকরিজীবীর ৬০ শতাংশ।
নতুন কাঠামোতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের ছয় ধাপের মধ্যে দ্বাদশ ও ত্রয়োদশ মিলিয়ে একটি ধাপ করা হয়েছে। আর চতুর্থ শ্রেণির কর্মচারীদের চার ধাপের মধ্যে উনবিংশতম ও বিংশতম মিলিয়ে একটি এবং সপ্তদশ ও অষ্টাদশ মিলিয়ে আরেকটি ধাপ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্ষেত্রে এক ধাপ থেকে আরেক ধাপে মূল বেতনের পার্থক্য মাত্র ৫০০ থেকে দেড় হাজার টাকা। এটি অপ্রত্যাশিত, বিস্ময়কর ও দুঃখজনক। অথচ কর্মকর্তা অর্থাৎ ওপরের ধাপগুলোতে একটি থেকে আরেকটির পার্থক্য ৭ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রথা বাতিলের জন্য কমিশনের সুপারিশকে অন্যায় বলে মনে করে সমিতি। কমিশনের প্রস্তাবে রয়েছে এক ধাপ থেকে আরেক ধাপে যেতে হবে পদোন্নতির মাধ্যমে। পঞ্চম থেকে ষষ্ঠদশ ধাপের জন্য বছরে চক্রবৃদ্ধি হারে ৫ শতাংশ এবং দ্বিতীয় থেকে চতুর্থ ধাপের জন্য ৪ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করেছে কমিশন। সমিতির যুক্তি হচ্ছে, মেডিকেল টেকনোলজিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্টসহ অনেক পদ রয়েছে, যেগুলো ব্লক পোস্ট অর্থাৎ পদোন্নতির সুযোগ নেই। পদোন্নতির সুযোগ সৃষ্টি না করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রথা বাতিলকে সমিতি অন্যায় মনে করে।
সমিতির নেতারা জানান, তাঁরা হতাশ। কারণ, তাঁরা জেনেছেন যে এ বাজেট একবারে নয়, বরং পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। এ ছাড়া চলতি বাজেটে থোক বরাদ্দ থাকা সত্ত্বেও অর্থমন্ত্রী আগামী বছরের জুলাই থেকে কেন প্রস্তাবিত বেতনকাঠামো কার্যকরের কথা বলছেন, তা তাঁদের বোধগম্য নয়।