এবারও লোকসানে পাট বিক্রি, আবাদও কমছে
এবারও পাট চাষের খরচ ওঠাতে পারছেন না যশোরের কৃষক। বিঘাপ্রতি অন্তত আড়াই হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের। গত বছরও একই পরিমাণ টাকা গচ্চা দিতে হয়েছিল। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আর পাট চাষ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন কৃষকেরা।
সম্প্রতি সদর উপজেলার তপসীডাঙ্গা, কৃষ্ণবাটিসহ কয়েকটি গ্রামে গিয়ে জানা গেছে, গত বছর যাঁরা পাট চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এ বছর তাঁদের বেশির ভাগই আবাদ করেননি। আর আবাদ করলেও কম করেছেন।
তফসীডাঙ্গা গ্রামের স্কুলশিক্ষক ওয়ালিউল ইসলাম বলেন, ‘গত বছর পাটের আবাদ করে প্রতি বিঘায় আড়াই হাজার টাকার মতো লোকসান হয়েছে। এ কারণে এ বছর আর পাট আবাদ করিনি।’
ওই গ্রামের কৃষক আবদুল মান্নান মোড়ল জানান, গত বছর দুই বিঘা পাঁচ কাঠা জমিতে পাট চাষ করেন। লোকসান হওয়ায় এবার দেড় বিঘায় পাট চাষ করেন। কিন্তু এবারও লোকসানের মুখে পড়েছেন।
একাধিক কৃষক জানান, প্রতি বিঘা জমিতে প্রায় আট মণ পাট পাওয়া যায়। খরচ হয়েছে ১৩ থেকে ১৪ হাজার টাকা। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মণ পাট এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। সে হিসাবে আট মণ পাট আট হাজার ৮০০ থেকে নয় হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে এক বিঘা জমির পাটখড়ি বিক্রি হচ্ছে প্রায় দুই হাজার টাকায়। সব মিলিয়ে প্রতি বিঘা জমিতে পাট চাষ করে ১০ হাজার ৪০০ থেকে ১১ হাজার ৬০০ টাকা উঠছে। প্রতি বিঘায় লোকসান হচ্ছে দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৬০০ টাকা করে।
গুদামে পড়ে আছে পাট: এদিকে রাষ্ট্রায়ত্ত যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জেজেআই) কারখানার গুদামে ২৭ কোটি ৩০ লাখ টাকা মূল্যের উৎপাদিত পাটজাতপণ্য পড়ে আছে। ক্রেতা না পাওয়ায় এসব পণ্য বিক্রি করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) উপব্যবস্থাপক সাজ্জাত হোসেন। তিনি বলেন, জেজেআই মিলের উৎপাদিত পণ্য সিরিয়া, ইরান, ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলো পাটজাত পণ্য আমদানি কমিয়ে দিয়েছে। এ কারণে বিদেশে বাংলাদেশি পাটজাত পণ্য রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে।
জেজেআই সিবিএর সহসাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, ‘আধুনিক প্রযুক্তিতে পাটজাত পণ্য উৎপাদন করে বাজার সম্প্রসারণ করা গেলে পাটের ব্যবহার বাড়ত। পাটের দামও বাড়ত। কৃষকেরাও ন্যায্য দাম পেতেন। কিন্তু তা না করে সরকার একের পর এক কারখানা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে বিদেশি বাজারও আমরা ধরতে পারছি না।’