বেসরকারি খাতে (আইপিপি) ৩০০ থেকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট-২ বিদ্যুৎকেন্দ্র স্থাপনেও দেশীয় কোম্পানি সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড এবং মার্কিন কোম্পানি জিই এনার্জি এলএলসির যৌথ উদ্যোগ সর্বনিম্ন দরদাতা হয়েছে। এ ছাড়া ভোলা ১৫০ থেকে ২২৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের জন্য সর্বনিম্ন দরপ্রস্তাব করেছে মালয়েশীয় কোম্পানি র্যা নহিল বেরহাড। গতকাল মঙ্গলবার ওই দুটি বিদ্যুৎকেন্দ্রের জন্য আহূত দরপ্রস্তাব খোলার পর এ তথ্য জানা গেছে। কয়েক দিন আগে সামিট-জিইর যৌথ উদ্যোগ সর্বনিম্ন দরদাতা হিসেবে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-১ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচিত হয়। বিবিয়ানা-১ ও মেঘনাঘাট-২ এই দুটি বিদ্যুৎকেন্দ্রের কাজেই সামিটের অংশীদারি ৮০ শতাংশ। আর ২০ শতাংশ জিইর।সামিট-জিইর দরপ্রস্তাব অনুযায়ী গ্যাসচালিত মেঘনাঘাট-২ বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট (প্রতি কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম হবে দুই টাকা ৭৫ পয়সার মতো (৩ দশমিক ৯৮৭৪ মার্কিন সেন্ট)। এই কেন্দ্রের জন্য অপর দরদাতা মালয়েশীয় কোম্পানি পাওয়ারটেক প্রতি ইউনিট বিদ্যুতের দরপ্রস্তাব করেছিল তিন টাকা ১৮ পয়সার মতো (৪ দশমিক ৬০২৪ সেন্ট)। ভোলা বিদ্যুৎকেন্দ্রের জন্য র্যা নহিলের প্রস্তাবিত দর হচ্ছে প্রতি ইউনিট দুই টাকা ৩৭ পয়সার মতো (৩ দশমিক ৪৩ সেন্ট)। এই কোম্পানির জন্য সামিট-জিই দরপ্রস্তাব করেছিল প্রতি ইউনিট দুই টাকা ৮৬ পয়সা (৪ দশমিক ১৫ সেন্ট)। এখন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করলেই এই প্রস্তাবগুলো চূড়ান্ত হবে। সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ অবস্থায় বিবিয়ানা ও মেঘনাঘাটের মতো বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ-সংকট নিরসনে ভূমিকা রাখার কাজ পেয়ে সামিট গ্রুপ অত্যন্ত সম্মানিত বোধ করছে।’