এবারও সাত লাখ আসন ফাঁকা থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এসএসসি (মাধ্যমিক) পরীক্ষায় যত শিক্ষার্থী পাস করেছে, তাদের সবাই ভর্তি হওয়ার পরও সাত লাখ আসন ফাঁকা থাকবে। আসনের কোনো অভাব নেই। অভাব হচ্ছে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের। এই সাত লাখ ফাঁকা আসনের দায়দায়িত্ব নেবে কে?
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গতকাল বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের ডিগ্রি নিয়ে বেরিয়ে আসতে ৭০ থেকে ৮০ লাখ টাকা ব্যয় হচ্ছে। এই টাকা দেশের গরিব মানুষের টাকা। জনগণের কাছে আমরা দায়বদ্ধ। দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজে লাগে, এমন দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠতে হবে।’
শিক্ষা রপ্তানির ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কি সারা জীবন শিক্ষা আমদানি করব। না, আমরা জ্ঞান রপ্তানি করব। আমাদের দেশের নতুন প্রজন্ম বিশ্বের কোনো দেশের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। আধুনিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান দিয়ে বিশ্ব জয় করতে হবে।’
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ডিন নাসিম রেজা। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রকল্প পরিচালক গৌরঙ্গ চন্দ্র মোহন্ত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওহেদুজ্জামান প্রমুখ।
সেমিনারে দেশ-বিদেশের ৩০০ ডেলিগেট অংশ নিচ্ছেন।