এবারও সেচসুবিধা পাননি পীরগঞ্জের পাঁচ হাজার চাষি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদে রাবার ড্যাম নির্মাণকাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় এবারও কাঙ্ক্ষিত সেচসুবিধা থেকে বঞ্চিত হলেন পাঁচ মৌজার পাঁচ হাজারের বেশি চাষি। কাজের শেষ দিকে এসে প্রকল্প প্রস্তাবে সংশোধন আনায় ড্যামের কাজ সময়মতো শেষ করা যায়নি বলে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাবার ড্যাম নির্মাণের উদ্দেশ্য হচ্ছে—নদের নাব্যতা স্বাভাবিক রেখে শুষ্ক মৌসুমে টাঙ্গন নদে পানি সংরক্ষণের মাধ্যমে নতুন এলাকা সেচের আওতায় আনা। পাশাপাশি বর্তমানে চলমান সেচ উপ-প্রকল্পের এলাকাগুলোতে সেচসুবিধা সৃষ্টি করে ফসলের উৎপাদন বৃদ্ধি করা। রাবার ড্যাম চালু হলে উপজেলার সাগুনী, বাঁশগাড়া, চাপোড়, মসলন্দপুর ও পাড়িয়া মৌজার ৯৫০ হেক্টর জমিতে এবং নদের অপর পাশে বোঁচাগঞ্জের কৃষকেরাও সারা বছর সেচ দিতে পারবেন। উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) দপ্তর সূত্রে জানা গেছে, আট কোটি ১৮ লাখ ৬২ হাজার ৪০৯ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে পীরগঞ্জের সাগুনী ব্রিজের পাশে টাঙ্গন নদের ওপর ৯০ মিটার দীর্ঘ রাবার ড্যাম অবকাঠামো নির্মাণকাজ শুরু করা হয় ২০১০ সালের জুলাইয়ে। গত বছরের ১১ অক্টোবরের মধ্যে ড্যামের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। কিন্তু নির্দিষ্ট সময়ের পাঁচ মাস পেরিয়ে গেলেও ড্যামের নির্মাণকাজ শেষ হয়নি।উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার বলেন, ‘চাষিরা এবার বঞ্চিত হলেও আগামী মৌসুমে সেচসুবিধা পাবেন। রাবার ড্যামের আগে-পিছে আড়াই শ মিটার গাইডওয়াল নির্মাণে বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই কাজ শুরু হবে।’ রাবার ড্যামের পানি সুবিধাভোগী সদস্য সাগুনী গ্রামের নাজমুল হক বলেন, ‘ঠিক সময়ে ড্যামের কাজ শেষ হলে আরও পাঁচ বিঘা জমিতে ধানের আবাদ করতে পারতাম।’