এবারও সেরা ‘দিলীপ স্যারে’র বিদ্যালয়
৪২তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় এবারও সেরা সাফল্য অর্জন করেছে সেই দিলীপ স্যারের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ১২ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে মাধ্যমিক পর্যায়ের সর্ববৃহৎ এই ক্রীড়া আসরের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রতিযোগিতা চলে ১৬ জানুয়ারি পর্যন্ত।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে মোট ৩৫টি ইভেন্ট ছিল। পুরস্কার ছিল ১০৫টি। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় পেয়েছে ২৬টি পুরস্কার। এর মধ্যে রয়েছে ১০টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জপদক।লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস বলেন, বিদ্যালয়ের খণ্ডকালীন ক্রীড়া শিক্ষক দিলীপ চক্রবর্তীর নিবিড় প্রশিক্ষণের কারণেই জাতীয় পর্যায়ে এই ধারাবাহিক বিজয় অর্জন সম্ভব হচ্ছে।প্রসঙ্গত, শীতকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০৮ সাল থেকে দেশসেরা হচ্ছে বিদ্যালয়টি। দিলীপ চক্রবর্তী খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরই এ সাফল্য এসেছে। এ নিয়ে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর ‘সব অর্জন দিলীপ স্যারের জন্য’ শিরোনামে খবর প্রকাশিত হয়।