এবারও 'দান' ও 'ধার' থেকে ব্যয় মেটাবেন উবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী, সন্তান, ভাই, ভাগনে ও দলীয় নেতা-কর্মীদের টাকায় ২০১০ সালের উপনির্বাচনের ব্যয় নির্বাহ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গত তিন বছরে সম্পদ বাড়ার পরও তিনি এবারের দশম সংসদ নির্বাচনের ব্যয় নির্বাহ করবেন আত্মীয়স্বজন ও দলের নেতা-কর্মীদের টাকায়।
প্রথম সাংসদ হয়ে ক্ষমতায় আসার পর মৎস্য চাষ, পুকুরের মাটি বিক্রি, বিভিন্ন সম্মানী এবং পত্রিকায় কলাম লেখা থেকে তাঁর আয় বেড়েছে আগের তুলনায় তিন গুণেরও বেশি। বেড়েছে নিট সম্পদের পরিমাণও। ক্ষমতায় থাকাকালে গত তিন বছরে তিনি গাড়ি-বাড়িরও মালিক হয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা ও আয়কর বিবরণী পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। নির্বাচনে মোকতাদিরের সঙ্গে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় মেটাতে মোকতাদির নিজের আয় থেকে পাঁচ লাখ টাকা, স্ত্রী অধ্যাপক ফাহিমা খাতুনের কাছ থেকে পাঁচ লাখ টাকা এবং অন্য আত্মীয়স্বজন ও দলের নেতা-কর্মীদের কাছ থেকে ধার-দান হিসেবে মোট ২৫ লাখ টাকা নিয়েছেন।
২০১০ সালের উপনির্বাচনের হলফনামা অনুযায়ী ওই নির্বাচনেও একইভাবে ১৫ লাখ টাকা নিয়ে নির্বাচনী ব্যয় মেটান। গত তিন বছরে তিনি আয় করেছেন এক কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৩৯৩ টাকা। হলফনামা অনুযায়ী সাংসদ মোকতাদিরের বর্তমান বার্ষিক আয় ৩৯ লাখ ৫২ হাজার ১৩১ টাকা। আর বার্ষিক ব্যয় ৩৪ লাখ ৬৫ হাজার ৯৪৭ টাকা।
২০১০ সালের উপনির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তখন বেতন-ভাতা, ব্যবসা, কৃষি খাত ও মৎস্য চাষ থেকে তাঁর বার্ষিক আয় ছিল ১১ লাখ ১৭ হাজার ছয় টাকা। আর বার্ষিক ব্যয় ছিল সাত লাখ ৮১ হাজার ৪১৪ টাকা। তখন বিভিন্ন ব্যাংকে মোকতাদির চৌধুরীর মোট জমা, শেয়ার ও সঞ্চয়ী আমানত ছিল ছয় লাখ ৭৭ হাজার ৬৯৭ টাকা। বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা করা অর্থের পরিমাণ চার লাখ ৩৫ হাজার টাকা।
এবারের হলফনামায় মোকতাদির বলেছেন, কৃষি খাত, পেশা, চাকরি (সাংসদ হিসেবে), মৎস্য চাষ, পুকুরের মাটি বিক্রি, টক শো, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন সভার সম্মানী, সেমিনার, পত্রিকায় কলাম লেখা এবং প্রকাশিত পুস্তকের রয়্যালটি ইত্যাদি থেকে বর্তমানে তাঁর বার্ষিক আয় ১৬ লাখ টাকা। তিন বছর আগের উপনির্বাচনের সময় তাঁর স্ত্রীর প্রায় ১৬ লাখ টাকা দামের ‘টয়োটা এক্সিউ-এক্স’ গাড়ি ছিল। ক্ষমতায় আসার পর এখন ওই গাড়ি ছাড়াও মোকতাদির চৌধুরীর ২২ লাখ ৮৪ হাজার ৫২৬ টাকা দামের টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের একটি পাজেরো রয়েছে। পাশাপাশি শিক্ষকপল্লিতে চার কাঠা জমি ও হেবাসূূত্রে তিনি একটি অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেন।