এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে : ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার অবস্থা গত কয়েক বছরের তুলনায় ভালো হওয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাস্তার কারণে কোনো ধরনের যানজট হবে না বলেও মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এটি এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের উপহার। এবার ঈদে ঘরমুখী মানুষের যাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হবে। এবার রাস্তা গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো। ভালো রাস্তার কারণে যানজটের আশঙ্কা কমে যাবে।

ভিআইপিদের কারণে ঈদের সময় যানজটের সৃষ্টি হয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘ভিআইপিরা যখন ঈদের সময় রং সাইড দিয়ে চলেন, তখন খুব সমস্যা হয়। তখন আমরা আর যানজট নিয়ন্ত্রণ করতে পারি না। এ জন্য আপনাদের মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করব, যে যত বড় নেতাই হোন, যত প্রভাবশালী মন্ত্রীই হোন, জনস্বার্থে রাইট সাইডের রাস্তা দিয়ে চলাচল করেন। আমি তো রং সাইড দিয়ে চলি না।’

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক চালু হলে দেশের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। ঢাকা-চট্টগ্রাম চার লেনের উদ্বোধনের পর দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়কে চার ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া এবং আসা যাবে।