আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিল পেঁয়াজের দর। এখনো তা বহাল আছে। পাশাপাশি সব ধরনের গরমমসলার দামও চড়া। আবার গরুর মাংসের সঙ্গে শসা আর কাঁচা মরিচ দিয়ে যে সালাদ খাবেন, তারও উপায় নেই। দাম বেড়েছে এ দুটোরও।
গরু কিনে পকেটে অবশিষ্ট যা টাকাপয়সা আছে, তার বড় অংশই কেড়ে নিচ্ছে কাঁচাবাজার। সব মিলিয়ে এবারের কোরবানির ঈদে ক্রেতাকে খুব একটা স্বস্তি দিচ্ছে না বাজার।
কাল বুধবারই যে ঈদ, তা সবাই জানেন। সে কারণেই দাম যা-ই হোক না কেন, গতকাল সোমবার রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতার আনাগোনা ছিল বেশ।
গেল বছর কোরবানির ঈদের সময় প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছিল। সেই পেঁয়াজ এখন তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারগুলোতে গত শুক্রবার ১০০ থেকে ১১০ টাকায় দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে। আমদানি করা পেঁয়াজের কেজি ৮৫ থেকে ৯০ টাকা।
কাঁচাবাজারে গতকালের ভিড়টা ছিল মূলত গরমমসলার দোকানগুলোতেই। মসলার দোকান ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় খুচরায় বেশির ভাগ মসলার দাম কেজিতে প্রায় ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
খুচরা বাজারে প্রতি কেজি ধনিয়া বিক্রি হচ্ছে ৬০ থেকে বেড়ে ৮০ টাকা, জিরা ৪০০ থেকে ৪৫০ টাকা, দারুচিনি ৩০০ টাকা, লবঙ্গ এক হাজার ৮০০ থেকে এক হাজার ৯০০, এলাচি এক হাজার ৫০০, কিশমিশ ৩৫০, গোলমরিচ ৭০০ থেকে ৭৫০ টাকা এবং তেজপাতা ২০০ টাকায়। এসব মসলা অবশ্য কেজি দরে তেমন কেনেন না ক্রেতারা। প্রতিটি জায়ফল বিক্রি হচ্ছে ১৫ টাকায়। দুই সপ্তাহ আগেও জায়ফলের দাম ছিল ১০ টাকা।
অন্য মসলার বাজারও চড়া। দেশি আদা ৭০ থেকে বেড়ে ১০০ টাকা, চীনা আদা ১১০ থেকে বেড়ে ১২৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে রসুন, হলুদ ও শুকনা মরিচের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি দেশি রসুন ৮০ ও চীনা রসুন ৬০ থেকে ৬৫ টাকা, শুকনা মরিচ ১৮০ টাকা এবং হলুদ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।
তবে গুঁড়া মসলা কিনতে গেলে দাম পড়বে বেশি। প্রতি কেজি হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, মরিচের গুঁড়া ২২০ থেকে ২৩০ টাকা, জিরার গুঁড়া ৬৫০ থেকে ৭০০ টাকা এবং ধনিয়া গুঁড়া ১০০ টাকা।
সবজির বাজারে বেশির ভাগ তরিতরকারিই আগের দামে বিক্রি হচ্ছে। তবে কাঁচা মরিচের দাম এক দিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে। এক কেজি মরিচের দাম এখন ১০০ থেকে ১১০ টাকা। এ ছাড়া শসার দামও বেড়ে গেছে কেজিতে অন্তত ১০ টাকা। গেল সপ্তাহে এক কেজি শসা ৪০ টাকায় বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়।
রোজার ঈদে চাহিদা বাড়ায় সব ধরনের সেমাইয়ের দাম বেড়ে যায়। কিন্তু কোরবানির ঈদে এর চাহিদা কম থাকায় আগের দামেই তা বিক্রি হচ্ছে। বনফুল ও কুলসুন ব্র্যান্ডের ২০০ গ্রাম ওজনের লাচ্ছা সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ঈগলু ব্র্যান্ডের ২৫০ গ্রাম ওজনের প্যাকেটজাত লাচ্ছা সেমাইয়ের দাম ৫০ টাকা।