এবারের নববর্ষ জাতীয়ভাবে উদ্যাপন করবে সরকার
জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪২৩ উদ্যাপনে নানা বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী দেবেন, বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, বিভাগীয় শহর, জেলা শহর ও সব উপজেলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, শিশু একাডেমী ও লোকশিল্প জাদুঘরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে অনুষ্ঠানের আয়োজনসহ নানা কর্মসূচি রয়েছে জাতীয়ভাবে বঙ্গাব্দ নববর্ষ উদ্যাপনের আয়োজনে।
তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সমাজকল্যাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ এর অধিভুক্ত অধিদপ্তর ও অঙ্গ প্রতিষ্ঠান এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। আর নির্বাহী আদেশে সব সরকারি প্রতিষ্ঠানে ওই দিন নববর্ষের ছুটি থাকবে।
আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদ্যাপনে আন্তমন্ত্রণালয় সভায় এসব জানান সংস্কৃতিসচিব আকতারী মমতাজ।
জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক এই উৎসবকে অন্যান্য বারের তুলনায় বেশি চমকপ্রদ ও আকর্ষণীয় করার বিষয়ে সরকারের আরও নানা পরিকল্পনা রয়েছে বলেও জানান জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্টরা।
সভায় জানানো হয় বরাবরের মতো এবারের নববর্ষের উদ্যাপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।