
ফাল্গুনের সান্ধ্য আকাশে পঞ্চমীর চাঁদ। ধীরে ধীরে বড় হচ্ছে। কিন্তু আজ একুশে ফেব্রুয়ারিতেই মেলার পূর্ণিমা। বইমেলায় বিক্রেতাদের শ্বাস ফেলার সময় নেই, প্রকাশকের মুখে চওড়া হাসি, পাঠকদের মুখেও কাঙ্ক্ষিত বইটা হাতে নিতে পেরে লটারি জেতার আনন্দ।
এবারের বইমেলার আয়োজন এযাবৎকালের সুন্দরতম। উদ্যানে চমৎকার প্যাভিলিয়ন, সরোবরের পাশে কার্জন হলের নকশায় অন্যপ্রকাশ, আধুনিক স্থাপত্য নকশায় প্রথমা। আলো-ঝলমল অনন্যা আর ঐতিহ্যও এক সারিতেই। বইমেলায় ফোয়ারা আছে, শিশুচত্বরে রূপকথার মতো সাজানো স্টল আছে, বসার বেঞ্চি আছে, মোড়ক উন্মোচনের মঞ্চ আছে, আবার শ্বাস ফেলার জন্য ফাঁকা পরিসরও রাখা আছে। একাডেমি অংশে চলছে আলোচনা, উদ্যান অংশে নাটক। একাডেমির পুকুরে রাজহাঁস সাঁতার কাটছে, বহেড়াতলায় লিটল ম্যাগাজিনের লেখকেরা নতুন দিনের স্বপ্ন বুনছেন, পুকুরপাড়ে ই-বইয়ের স্টল দিচ্ছে দিনবদলের ঝিলিক।
চত্বরগুলো ধরে হাঁটি। বই কিনি। সৈয়দ শামসুল হককে মনে পড়ে, শওকত আলীকে মনে পড়ে। আনোয়ারা সৈয়দ হক আসেন মেলায়। বললেন, ‘আনিস, তোমার হক ভাইকে উৎসর্গ করা বইটি পেয়েছি, পড়েছি।’ কেমন শূন্য লাগে হঠাৎ। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটা মাইক্রোফোনে বাজে, আলতাফ মাহমুদকে সালাম জানাই।
কত বই যে কেনার মতো! প্রতীক বা অবসরে গিয়ে রবীন্দ্রনাথ নজরুল মানিক ওয়ালীউল্লাহ কিনতে পারি, সৈয়দ শামসুল হক পেতে যেতে পারি প্রথমায় বা বিদ্যাপ্রকাশে, মাওলা ব্রাদার্সে বা ইউপিএলে আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, সাহিত্যপ্রকাশে মাহমুদুল হক। কাকলীতে নির্মলেন্দু গুণের সব, অনন্যায় শামসুর রাহমান-আল মাহমুদ সমগ্র। চৈতন্যে নতুন কবির কবিতা, আগামীতে প্রবন্ধ-নিবন্ধ হুমায়ুন আজাদ। অন্যপ্রকাশে হুমায়ূন আহমেদ, তাঁর বিশাল ছবিতে আলোর রোশনাই, সময় কিংবা তাম্রলিপিতে মুহম্মদ জাফর ইকবাল। পাঞ্জেরীতে কমিকস। কথাপ্রকাশে কিংবা আলোঘরে নামী লেখকদের সযত্ন প্রকাশনা। অনুপমে জহির রায়হান।
লেখকদের মধ্যে ইমদাদুল হক মিলনকে পাব অনন্যায়, জ্যেষ্ঠরা একাডেমি মঞ্চে, প্রবাস থেকে আসা ইকবাল হাসান, আহমদ মাজহার, সৈয়দ ইকবাল, জসিম মল্লিকেরা প্রদক্ষিণময়, যেমন হয়তো ঘুরছেন আসাদ চৌধুরী, মুহম্মদ নূরুল হুদা, মোহিত কামাল, হরিশংকর জলদাস, আমীরুল ইসলাম, পারভেজ হোসেন, সুমন রহমান, কামরুজ্জামান কামু। মুক্তিযুদ্ধের স্মৃতিকথার বই নিয়ে মগ্ন মহিউদ্দিন আহমদ, স্মৃতিকথায় বুঁদ সেলিম জাহান। সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, মঈনুল আহসান সাবেরের বই দেখি। কত বিচিত্র বই বেরোচ্ছে, পাঠক সমাবেশ এনেছে শিবব্রত বর্মনের অনুবাদে জিয়া হায়দার রহমান, আর বাতিঘর এনেছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। প্রথমায় যাই, দেখি গোলাম মুরশিদের নজরুল-জীবনী বিক্রি হচ্ছে খুব, বিক্রি হচ্ছে মুক্তিযুদ্ধের বই—বুঝতে পারি, একুশের শহীদদের আত্মদান বৃথা যেতে দেবে না নতুন প্রজন্ম।
বইমেলায় প্রচুর ভালো বই আছে, পাঠকেরা যদি প্রস্তুত থাকেন, কিনে শেষ করতে পারবেন না।