নির্দিষ্ট সময়ে গ্যাস-সংযোগের সরঞ্জাম না পাওয়ায় গত অর্থবছরে রাজশাহীতে প্রায় ৬০০ গ্রাহকের জন্য বরাদ্দকৃত রাইজার ফেরত গেছে। চলতি অর্থবছরেও প্রায় পাঁচ মাস চলে যাচ্ছে। ঠিকাদার এখনো কাজ শুরুই করেনি।
এবারও গ্রাহকদের বরাদ্দ ফেরত যেতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। তবে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ বলছে, এবার ঠিকাদার দ্রুত কাজ শেষ করতে পারবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল) সূত্রে জানা গেছে, রাজশাহীতে এখন পর্যন্ত গ্যাস-সংযোগের জন্য ১৯ হাজার গ্রাহকের আবেদন পড়ে আছে। কিন্তু চলতি অর্থবছরে সাড়ে তিন হাজার রাইজারের বরাদ্দ পাওয়া গেছে। গত বছর ছয় হাজার রাইজারের বরাদ্দ পাওয়া গিয়েছিল। কিন্তু গ্যাস-সংযোগের সরঞ্জামের অভাবে প্রায় ৬০০ গ্রাহকের বরাদ্দ ফেরত যায়।
রাজশাহীর সাংস্কৃতিক কর্মী রাশেদ আরেফিন জানান, এমনিতেই গতবার রাজশাহীর বরাদ্দ ফিরে যাওয়ার ব্যাপারে তাঁরা হতবাক হয়েছেন। এবার এখনো ঠিকাদার কাজ শুরুই করতে পারেনি। এটা রাজশাহীর প্রতি সরকারের উদাসীনতা। রাজশাহী সবদিক দিয়ে বৈষম্যের শিকার হচ্ছে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী বলেন, ‘আমরা অবিলম্বে গ্যাস-সংযোগের কাজ শুরুর দাবি জানাচ্ছি। আগামী ৩ ডিসেম্বর পিজিসিএলের রাজশাহী কার্যালয়ের ব্যবস্থাপকের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। কাজ শুরু না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।’
পিজিসিএল সূত্রে আরও জানা গেছে, এবার জুন মাসে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কার্যাদেশ দেওয়া হয়েছে এ মাসের দ্বিতীয় সপ্তাহে। ফলে ঠিকাদার এখন পর্যন্ত কাজ শুরু করতে পারেনি। এবার যে প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরদাতা হয়েছিল তাদের কাজ না দিয়ে ফের পুনর্মূল্যায়ন করে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়। এ পুনর্মূল্যায়ন করতেই দীর্ঘ সময় পার হয়ে যায়। এই প্রক্রিয়া শেষে সিগমা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে রাইজার উত্তোলনের কাজ দেওয়া হয়েছে।
সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ‘দেশ নির্মাণ’কে কাজ না দেওয়ার ব্যাপারে ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ জানান, আবর্তন হার (টার্নওভার রেশিও) কম দেখিয়ে দেশ নির্মাণকে কাজ দেওয়া হয়নি। দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে এই বিষয়টি প্রাধান্য দেওয়া হবে—বিষয়টি তাঁদের আগে জানানো হয়নি। আট বছর বাসাবাড়িতে গ্যাস-সংযোগ বন্ধ ছিল। সেই কারণে গড়ে টার্নওভার কম হবে—এটাই স্বাভাবিক। তিনি দাবি করেন, এ ক্ষেত্রে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। এর পরও কর্তৃপক্ষ পুনঃ দরপত্র আহ্বান করতে পারত। তা করলেও এত সময় লাগত না। এ বিষয়ে তাঁরা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
পিজিসিএলের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) কামরুজ্জামান খান জানান, তাঁদের একদিকে বাজেটের সংকট রয়েছে। কারিগরি ক্ষেত্রে দক্ষ লোকবলের চরম সংকট রয়েছে। তাঁদের উপমহাব্যবস্থাপক (কারিগরি) আটজনের জায়গায় রয়েছে মাত্র তিনজন। এ ছাড়া আঞ্চলিক কার্যালয়গুলোতে লোকবল রয়েছে চার ভাগের এক ভাগ। সরঞ্জাম সরবরাহ নিয়েও রয়েছে সংকট। এর মধ্যে এবার সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানটির ‘টার্নওভার রেশিও’ কম ছিল। অর্থাৎ এই প্রতিষ্ঠানের কাজ করার সক্ষমতা তুলনামূলক কম ছিল। এ জন্য তাদের দর নিম্ন হলেও বিবেচনায় আনা হয়নি। তাদের পরের প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। তাদের সক্ষমতা অনেক বেশি। অন্য প্রতিষ্ঠান এক মাসে যা করতে পারবে তারা ১০ দিনে তা করে ফেলবে। এ কারণে তারা আশা করছেন, কার্যাদেশ দিতে দেরি হলেও এবার আর বরাদ্দ ফিরে যাবে না। আগামী সপ্তাহের মধ্যে ঠিকাদার রাইজার উত্তোলনের কাজ শুরু করতে পারবে।