এবারের বিজয় দিবস মানুষ প্রাণ খুলে উদ্যাপন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের এদেশীয় দোসরেরা এত দিন দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। তারা অনেক সম্পদের মালিক হয়েছে। তারা চায় না এ দেশের মানুষ দারিদ্র্যমুক্ত হোক।আওয়ামী লীগ সরকার দারিদ্র্যমুক্ত বাংলাদেশের জন্য কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবারের বিজয় দিবস মানুষ প্রাণ খুলে উদ্যাপন করেছে। হায়েনার কবল থেকে মুক্ত পরিবেশে বিজয়ের উল্লাস করেছে মানুষ।গত শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনার আয়োজন করে।শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের ত্যাগের মনোভাব নিয়ে জনগণের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা ব্যক্তিস্বার্থের কথা ভাবে, যে রাজনীতি ও নেতৃত্ব মানুষের শোষণ ও সম্পদ করে, ভোগবিলাসে ব্যস্ত থাকে, মানুষ তাদের গ্রহণ করে না। যারা জনগণের স্বার্থে নিজেদের নিয়োজিত করে, সেই নেতৃত্বকেই মানুষ গ্রহণ করে।’দেশকে স্বনির্ভর করার প্রতিজ্ঞা করে প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছে, তা পালন করতে হবে। জনগণের কাছে দেওয়া ওয়াদা আওয়ামী লীগ অক্ষরে অক্ষরে পালন করবে। তিনি বলেন, একাত্তর সালে যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের স্বজনকে ফিরিয়ে দেওয়া যাবে না। কিন্তু দেশকে উন্নত-সমৃদ্ধ করে তা পুষিতে দিতে হবে।শেখ হাসিনা হরতালের সমালোচনা করে বলেন, ওলামা মাশায়েখসহ সর্বস্তরের জনগণের মতামত নিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এ শিক্ষানীতিতে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শিক্ষানীতির বিরুদ্ধে চিহ্নিত ব্যক্তিদের ডাকা হরতাল জনগণ মেনে নেবে না। যারা স্বাধীনতা চায় না, বুদ্ধিজীবীদের হত্যাকারীদের দোসর ছিল, তারা হরতাল ডেকেছে। তাদের হরতালে সমর্থন দিয়েছে মুক্তিযোদ্ধার স্ত্রী (খালেদা জিয়া)। মুক্তিযোদ্ধার স্ত্রী দাবি করে কীভাবে গণহত্যাকারীদের হরতালে সমর্থন দিতে পারেন?আলোচনা সভায় আওয়ামী লীগের নেতারা সাকা চৌধুরীকে গ্রেপ্তার ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, সাকা চৌধুরীকে গ্রেপ্তার করায় সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্ত উৎসবে মেতে উঠেছে।সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সুফলগুলো যারা ধ্বংস করেছে, সেসব মানবতাবিরোধীর বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবেই। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে প্রতিষ্ঠা করাই বিজয় দিবসের অঙ্গীকার।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচারের কাজ বাধাগ্রস্ত করতে পারবে না।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এবারের বিজয় দিবসে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল বেশি। সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মতো কুখ্যাত যুদ্ধাপরাধী গ্রেপ্তার হওয়ায় তরুণ প্রজন্মই স্বতঃস্ফূর্ত উল্লাসে বিজয় উদ্যাপন করেছে। আওয়ামী লীগের বিজয় মিছিলেও নতুন প্রজন্মের বিপুল উপস্থিতি ছিল।আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।