শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তাঁদের কাছে এবারের বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার মানোন্নয়ন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইডেন কলেজ চত্বরে কৃতী ছাত্রী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত পাঁচ বছরে শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখন বছরের প্রথম দিনে বই বিতরণ ও ক্লাস শুরু, নির্ধারিত দিনে পাবলিক পরীক্ষা নিয়ে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ নিয়মে পরিণত হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এ ছাড়া শিক্ষার অন্যান্য ক্ষেত্রেও উন্নয়ন হয়েছে। এখন বিশেষ নজর দিতে হবে মানসম্মত শিক্ষার দিকে। শিক্ষকদের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার উদ্যোগ নিতে হবে।
ইডেন কলেজের অধ্যক্ষ রওশন জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ হাজি মো. সেলিম, উপাধ্যক্ষ স্বপ্না রানী সাহা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে ইডেন কলেজ থেকে ২০০৯-১০ শিক্ষাবর্ষে মাস্টার্স পরীক্ষায় ২২ বিষয়ে মোট এক হাজার ৮১৭ জন প্রথম শ্রেণীপ্রাপ্ত কৃতী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল ইডেন কলেজ ক্যাম্পাসে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত জয়তী ’৭১ ভাস্কর্য উদ্বোধন করা হয়।