সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনেও গুরুত্বপূর্ণ বিষয় (ইস্যু) ফুটপাত বেদখল হওয়া। ইতিমধ্যে ফুটপাত নিয়ে আলোচনাও শুরু হয়েছে। এ আলোচনার সূত্র নগর ভবনের দৃশ্যপট ঘিরে। ১৯৯৯ সাল থেকে নগর ভবনের সীমানা নির্ধারণী দেয়াল লাগোয়া ফুটপাত বেদখল হয়ে রয়েছে। নগরবাসীর প্রতিদিনের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও দখলকারীদের উচ্ছেদ করা হয়নি। অভিযোগ রয়েছে, সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রশ্রয় থাকায় এসব অবৈধ দখলকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। বিভিন্ন সামাজিক-ব্যবসায়িক সংগঠন ফুটপাত দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সিটি করপোরেশন কর্তৃপক্ষ।সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের সামনে থেকে ফুটপাত দখল প্রক্রিয়া শুরু হয়ে বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, পাঠানটোলা, মেডিকেল রোড, শিবগঞ্জ, টিলাগড়, সুরমা পয়েন্ট, রিকাবীবাজার, দক্ষিণ সুরমার রেলস্টেশনসহ অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত বেদখল হয়ে রয়েছে।নগরবাসী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় ভাসমান ও খুদে ব্যবসায়ীদের বিশাল ভোটব্যাংক রয়েছে। এসব ব্যবসায়ী যাতে নির্বিঘ্নে ফুটপাতে ব্যবসা চালিয়ে যেতে পারেন, সে জন্য সব সময় তাঁদের পক্ষাবলম্বন করে আসছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। তাই বিগত নির্বাচনগুলোতে এসব ব্যবসায়ী কামরানকে একতরফাভাবে ভোট দিয়েছেন।সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির পরিচালক তাহমিন আহমদ বলেন, ‘বিদায়ী মেয়র কামরান শুধু ফুটপাতমুখী নির্বাচনে বিশ্বাস করেন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তি তিনি তোয়াক্কা করেন না।’এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বদরউদ্দিন আহমদ কামরানের ভাষ্য, ‘ফুটপাত দখলমুক্ত করার পক্ষে আমিও। পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই ফুটপাত দখলমুক্ত করতে হবে, নইলে খুদে ব্যবসায়ীরা যাবে কোথায়?’জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে অর্থমন্ত্রী ও স্থানীয় সাংসদ আবুল মাল আবদুল মুহিত জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় সাত দিনের মধ্যে নগরের ফুটপাত উচ্ছেদে সিটি কর্তৃপক্ষ ও পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশের পর মহানগর পুলিশ ফুটপাতে অভিযান শুরু করে। দুই দিন পর হঠাৎ তা থেমে যায়। এ সময় উচ্ছেদ হওয়া ভাসমান ব্যবসায়ীরা পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যেতে থাকেন।ফুটপাতের ব্যবসায়ীদের কয়েকজন বলেন, ফুটপাতে নির্বিঘ্নে ব্যবসা চালানোর স্বার্থে বিগত নির্বাচনগুলোতে তাঁরা ভোট দিয়েছেন। আসন্ন নির্বাচনেও সে রকম মনোভাব নিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানিয়েছে, নগরে যানজট তৈরি হওয়ার মূল কারণ ফুটপাত বেদখল হওয়া। এর ফলে পথচারীরা ফুটপাত বরাবর চলাচলের সুযোগ না পেয়ে মূল রাস্তা ধরে চলাফেরা করে। এতে সুষ্ঠুভাবে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। যানজট তীব্র আকার ধারণ করে। এক ট্রাফিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে পুলিশের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। কিন্তু ফুটপাতে অভিযান শুরু করলেই তা বন্ধে রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়ে যায়। এতে করে ফুটপাত অবৈধ দখলদারমুক্ত করা সম্ভব হচ্ছে না।’মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) নূরুল আলম জানান, পুলিশ সাধ্যমতো ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে ভূমিকা রাখছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখলকারী হকারদের উচ্ছেদ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে ফুটপাতে উচ্ছেদ কার্যক্রম চলবে। যেসব ফুটপাতে এখনো অভিযান চালানো হয়নি, সেগুলোতে উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট থানা ও ফাঁড়িগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নগর ভবনের সামনের ফুটপাত দখলের চিত্র প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ফুটপাতের ব্যবসায়ীদের উচ্ছেদ করার দায়িত্ব মহানগর পুলিশের। এটি সিটি করপোরেশনের দায়িত্ব নয়। ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের ক্ষেত্রে সিটি করপোরেশনের কোনো পরিকল্পনা আপাতত নেই।