সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ভাবমূর্তিতে ভর করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আগেই প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বিএনপির আলোচিত নেতা আরিফুল হক চৌধুরী। এবার ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর ভাবমূর্তি নিয়ে প্রার্থিতার ঘোষণা দিলেন আরেক নেতা শামসুজ্জামান জামান।
শামসুজ্জামান জামান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক। গতকাল সোমবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির নেতারা এক সংবাদ সম্মেলন করে মেয়র পদে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। আগামী ১৫ জুন সিলেটসহ দেশের চার সিটি করপোরেশনে নির্বাচন করার ব্যাপারে সম্প্রতি ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এ নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নেবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে গত শুক্রবার রাতে এক মতবিনিময় সভা করে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেন নগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী। তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত। আর গতকাল প্রার্থিতার ঘোষণা দেওয়া জামান বিএনপির ‘নিখোঁজ’ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
দলীয় সূত্র জানায়, বিগত চারদলীয় জোট সরকারের আমলে সিলেট সিটি করপোরেশন ঘোষণার পর ২০০১ সালে প্রথম নির্বাচনে মেয়র পদে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সমর্থিত প্রার্থী মহানগর বিএনপির সভাপতি এম এ হকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামান। সিলেট বিএনপির রাজনীতিতে তখন থেকেই মূলত সাইফুর ও ইলিয়াস পক্ষের মধ্যে বিভাজন প্রকাশ্যে আসে। গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। তাঁর সন্ধানের দাবিতে গত এক বছরের বেশি সময় ধরে সিলেটে যে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলে আসছে, তাতে সর্বদা সক্রিয় ভূমিকা রাখেন জামান। এর মধ্য দিয়ে তিনি স্থানীয় বিএনপিতে ইলিয়াস অনুসারীদের আরও আস্থাভাজন হয়ে ওঠেন।
গতকালের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার। বক্তব্যে তিনি দলের সংকটময় মুহূর্তে জামানের অবদানের কথা তুলে ধরেন। লিখিত বক্তব্যে জামানকে মেয়র পদে দলীয় সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ‘নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে যদি বিএনপির চেয়ারপারসনের অনুমতি পাই, তাহলে আমরা মনে করি, চলমান আন্দোলনের অংশ হিসেবে জামানকে নিয়ে নির্বাচনী যুদ্ধে অংশ নিয়ে জয়ী হতে পারব।’
জামানের প্রার্থিতার ব্যাপারে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দল নির্বাচনে যাবে কি না, আমি সন্দিহান। তবে যেহেতু কোনো ঘোষণা আসেনি, তাই প্রস্তুতি চলছে। দলের সংকট মুহূর্তে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের একজন শামসুজ্জামান। তবে দল নির্বাচনে না গেলে আমি ব্যক্তিগতভাবেও কোনো প্রার্থীর পক্ষে থাকব না।’