এবি ব্যাংকের প্রতিবাদ, প্রতিবেদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবার বেক্সিমকোর বেনামি ঋণ পুনঃ তফসিল’ শিরোনামে গতকাল মঙ্গলবার দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ করেছে এবি ব্যাংক।
ব্যাংক বলেছে, ‘এবি ব্যাংকের ঋণ’ উপশিরোনামের মধ্যে প্রকাশিত তথ্য সংর্বাংশে সত্য নহে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম এ চৌধুরী সই করা প্রতিবাদে বলা হয়েছে, এবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ঋণ হিসাবটি পুনঃ তফসিল করেছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনও রয়েছে। উত্তরা ট্রেডার্সের ঋণ হিসেবে নিয়মমাফিক প্রয়োজনীয় অর্থ জমা হওয়ার পর ব্যাংক পুনঃ তফসিলের উদ্যোগী হয় এবং বাংলাদেশ ব্যাংকের কাছে তা তুলে ধরা হয়। ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক অনাপত্তি দেয় এবং যথাসময়ে ঋণের অর্থ আদায়ে সচেষ্ট থাকার পরামর্শ দেয়।
এবি ব্যাংক বলেছে, ২০১৩ সালের শেষ দিকে অস্থিতিশীল রাজনৈতিক কারণে গ্রাহক কিস্তি পরিশোধে ব্যর্থ হয়। তবে ঋণের সুদ পরিশোধ করে। ঋণ আদায়ে ব্যাংকে তদারকি অব্যাহত রাখা হয়। তাতে পরবর্তী সময়ে ঋণের একটা উল্লেখযোগ্য অংশ গ্রাহক পরিশোধ করে।
ব্যাংক বলেছে, পুনঃ তফসিল না করা হলে গ্রাহক ব্যবসা অব্যাহত রাখতে পারত না এবং ঋণের সমুদয় অর্থ আদায় ঝুঁকিপূর্ণ হয়ে যেত। যা ব্যাংক ও দেশের সার্বিক অর্থনীতির জন্যও ইতিবাচক হতো না।
প্রতিবেদনে ঋণের টাকা অন্য একটি হিসাবে স্থানান্তর করা হয়েছে প্রসঙ্গে এবি ব্যাংক বলেছে, ঋণটি দেওয়া হয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে। ব্যবসার খাতিরে ঋণের অর্থ গ্রাহক তার ব্যবসার প্রয়োজনেই ব্যবহার করেছে। ব্যাংক তার এখতিয়ারভুক্ত সব বিষয়েই সজাগ ও সচেতন ছিল।
ব্যাংক পরামর্শ দিয়ে বলেছে, ‘আমরা মনে করি এ ধরনের সংবাদে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভীত দুর্বল হয় এবং সামগ্রিকভাবে ব্যবসাবান্ধব পরিস্থিতি বিনষ্ট হয়। এতে দীর্ঘ মেয়াদে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে। তাই সামগ্রিক জাতীয় স্বার্থ বিবেচনায় এবং ব্যাংকিংয়ের মতো একটি স্পর্শকাতর খাত সম্পর্কে নেতিবাচক ও ভিত্তিহীন সংবাদ না প্রকাশ করাই শ্রেয়।’
প্রতিবেদকের বক্তব্য: বাংলাদেশ ব্যাংক সরেজমিন পরিদর্শন করে এ ঋণকে বেক্সিমকো গ্রুপের বেনামি ঋণ বলেছে। সেখানে এবি ব্যাংক কীভাবে যাচাই-বাছাই ছাড়া অর্থ ছাড় করেছে, তার দায়ও চিহ্নিত করেছে। উত্তরা ট্রেডার্স ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজে একই দিনে হিসাব খোলা, অর্থ স্থানান্তরের পর তা উত্তোলনের পর হিসাবটি বন্ধ করে দেওয়াসহ বিস্তারিত অনিয়মের তথ্য রয়েছে। এ ঋণের বিপরীতে সহায়ক জামানত হিসেবে যে সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছে, তার আমমোক্তারনামা উত্তরা ট্রেডার্সের অন্যতম মালিক ও ব্যবস্থাপনা পরিচালক গিরিধারী লাল মোদি হলেও সম্পত্তির মূল মালিকানা বেক্সিমকো গ্রুপের। বাংলাদেশ ব্যাংক প্রতিবেদেনে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘ফলে এটা সুস্পষ্ট যে, উক্ত ঋণটি একটি বেনামি ঋণ, যার প্রকৃত বেনিফিশিয়ারি নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লি. (বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান)।’ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ধরেই প্রথম আলোর প্রতিবেদন তৈরি। প্রথম আলো সঠিক তথ্যসংবলিত সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে।