এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১২ পরিচালককে তলব

মুঠোফোন কোম্পানি সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় চার শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম তাঁদের তলব করে আলাদা চিঠি পাঠিয়েছেন। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, পরিচালক মো. ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল ও প্রফেসর মো. ইমতিয়াজ হোসেনকে ১ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে। পরিচালক শিশির রঞ্জন বোস, সৈয়দ আফজাল হাসান উদ্দীন, সাবেক পরিচালক মিশাল কবির ও ফাহিমুল হককে ২ অক্টোবর তলব করা হয়েছে। ৩ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে সাবেক পরিচালক মো. মেজবাহুল হক, আনোয়ার জামিল সিদ্দিকী, বিবি সাহা রায় ও জাকিয়া শাহরুদ খানকে।
এবি ব্যাংকের চেয়ারম্যান ওয়াহিদুল হক গত বছরের ২১ ডিসেম্বর পদত্যাগ করেন। এর এক মাস পর চলতি বছরের ২৫ জানুয়ারি ওয়াহিদুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক। অফশোর প্রতিষ্ঠান করে টাকা পাচারের অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। ওই দিনই এম ওয়াহিদুল হক, ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা মোস্তফা কামাল এবং ব্যবসায়ী সাইফুল হককে গ্রেপ্তার করে দুদক।
প্রসঙ্গত, সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় চার শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের ২৮ জুন ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর বনানী মডেল থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক শেখ আবদুস সালাম। এখন ওই মামলার তদন্ত করছেন আরেক উপপরিচালক সামছুল আলম।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের (পিবিটিএল) ব্যাংক গ্যারান্টির আবেদন যাচাই-বাছাই না করেই এবি ব্যাংকের মহাখালী শাখার দেওয়া প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠান। পরে তিনজন ব্যবস্থাপনা পরিচালকের সহায়তায় চারটি বোর্ড সভার মাধ্যমে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকার অপরিবর্তনীয় শর্তবিহীন ব্যাংক গ্যারান্টি অনুমোদন করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, ওই ঋণ নির্দিষ্ট সময়ের মধ্যে পিবিটিএল পরিশোধ করেনি। ঋণ পরিশোধ না করায় ব্যাংক গ্যারান্টির শর্ত অনুযায়ী এবি ব্যাংকের মহাখালী শাখা সুদসহ ৩৮৩ কোটি ২২ লাখ ৩৬৩ টাকা ১৩ পয়সা পরিশোধের মাধ্যমে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের চেয়ারম্যান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান আসগর করিম, পরিচালক নাছরিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, এবি ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাইজার আহমেদ চৌধুরী, এম ফজলুর রহমান, শামীম আহম্মেদ চৌধুরী, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার, মহাদেব সরকার সুমন, এসভিপি ও রিলেশনশিপ ম্যানেজার সৈয়দ ফরহাদ আলম, আরশাদ মাহমুদ খান, মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাহানুর পারভীন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জার ই এলাহী খান এবং রিলেশনশিপ অফিসার মো. কামারুজ্জামান।
এর আগে মামলার তদন্তের জন্য এম মোরশেদ খান ও তাঁর স্ত্রী নাছরিন খানকে দুদকে তলব করে নোটিশ পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তা। আগামীকাল মঙ্গলবার তাঁদের দুদকে হাজির থাকতে বলা হয়েছে।