এবি ব্যাংকের সাবেক ২ কর্তার জামিন কেন বাতিল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা অর্থ পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার সাবেক প্রধান আবু হেনা মোস্তফা কামালকে দেওয়া জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত।

২৫ জানুয়ারি বিকেলে মতিঝিল থানায় করা একটি মামলায় এই দুজনসহ তিনজনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারের পর ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে তোলা হয়। সাড়ে তিন ঘণ্টার মধ্যেই ওয়াহিদুল হক ও আবু হেনা মোস্তফা কামালের জামিন মঞ্জুর হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই দিন এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে ১৬৫ কোটি টাকা (২ কোটি ২৫ হাজার ডলার) পাচারের অভিযোগে দুদক এই মামলা করে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন। ব্যাংকের এই সাবেক দুই কর্মকর্তার জামিন বিষয়ে গণমাধ্যম আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ রুল দেওয়া হয়। একই সঙ্গে আদালত ওই দুই কর্তা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্তকারী সংস্থাকে (দুদক) নির্দেশ দিয়েছেন।

বিবাদীদের রুলের জবাব দিতে বলে ১৪ ফেব্রুয়ারি আদালত পরবর্তী আদেশের জন্য তারিখ ধার্য রেখেছেন। পাশাপাশি বিশেষ বার্তাবাহক মাধ্যমে বিচারিক আদালতের নথি উচ্চ আদালতে পাঠাতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে বলা হয়েছে। আদেশের আগে আদালতে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান গণমাধ্যমে আসা প্রতিবেদন পড়ে শোনান। এ সময় রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন।

আদেশের পর খুরশীদ আলম প্রথম আলোকে বলেন, বিচারিক আদালতের জামিনের পর দুদক কী পদক্ষেপ নিয়েছে, তাও আগমী ১৪ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, মামলায় আটজনের বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতিসহ কয়েকটি অভিযোগ আনা হয়। অন্য আসামিরা হলেন ব্যাংকটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী ও ফজলুর রহমান এবং ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ লোকমান, মাহফুজুল ইসলাম ও নুরুল আমিন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, দুবাইয়ে অবস্থানরত আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য খুররম আবদুল্লাহ ও আবদুস সামাদ খান ব্যবসায়ী সাইফুল হকের বন্ধু ছিলেন। এবি ব্যাংক থেকে আত্মসাৎ করা টাকা পাচারের উদ্দেশ্যে এই দুজনের সঙ্গে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হকের পরিচয় করিয়ে দেন সাইফুল হক। ওয়াহিদুল ও সাইফুল একাধিকবার দুবাইয়ে এই প্রতারকদের সঙ্গে আলোচনায় বসেন। পরে ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে নিয়ে দুবাইয়ে গিয়ে এঁদের সঙ্গে বৈঠক করেন ওয়াহিদুল হক। এ জন্য তাঁরা কোনো দাপ্তরিক অনুমোদন নেননি, ব্যাংকের পরিচালনা পর্ষদকেও সভার বিষয়ে কিছু না জানিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দুবাইয়ে এসব সভা করেন তাঁরা।

এজাহারে বলা হয়, চক্রটি আগে থেকেই সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি পিনাকল গ্লোবাল ফান্ড (পিজিএফ) তৈরি করে রেখেছিল। পরে দুবাইয়ে চেং বাও জেনারেল ট্রেডিং নামের আরেকটি কোম্পানি খোলে। সেই কোম্পানির নামে আবুধাবি কমার্শিয়াল ব্যাংকে হিসাব খোলা হয়। পরে ওয়াহিদুল হক ও আবু হেনা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ব্যাংকের পরিচালনা পর্ষদকে এড়িয়ে আবুধাবি কমার্শিয়াল ব্যাংকের ওই হিসাবে ২০ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর করে।