এবি ব্যাংকের ১০ জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ শিপইয়ার্ডের ঋণ জালিয়াতির ঘটনায় আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের ১০ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থাটির উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি অনুসন্ধান দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে।
অন্যদিকে গ্রাহকদের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমানকে আবারও জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। দুদকের উপপরিচালক হামিদুল হাসান গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগেও আইসিএলের এমডিকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে এবি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ১৮৬ কোটি ৯০ লাখ টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংকটির ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
অর্থ পাচার বিষয়ে অভিযোগপত্র: ৪৩ লাখেরও বেশি মার্কিন ডলার পাচারের অভিযোগে খাদ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে দুটি আলাদা অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। গতকাল কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদক সূত্রে জানা যায়, অভিযুক্ত মোহাম্মদ রফিক ওরফে মোহাম্মদ রাফি খাদ্যপণ্য আমদানির নামে ৪৩ লাখ ৪ হাজার ৭১৫ মার্কিন ডলার সংযুক্ত আরব আমিরাতে পাচার করেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে গত বছরের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার থানায় আলাদা দুটি মামলা করেছিল দুদক। দুদকের উপপরিচালক ঋত্বিক সাহার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় কমিশন।
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত: সাইকেলের যন্ত্রাংশ আমদানির নামে অর্থ পাচারের অভিযোগে গতকাল কমিশনের নিয়মিত বৈঠকে মায়া ইসলাম নামে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। তাঁর বিরুদ্ধে ১৭ হাজার ১২৭ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক বিষয়টি অনুসন্ধান করেন। অনুসন্ধানে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলার সিদ্ধান্ত দেয় কমিশন। জানা গেছে, শিগগিরই এই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হবে।