দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে এবি ব্যাংক ১২ এপ্রিল ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। সারা দেশে ব্যাংকটির সব শাখায় দিনটি উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হয়।এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও পরিচালনা পর্ষদের সদস্যরা ৩১ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান স্বাগত ভাষণ দেন। এ সময় তিনি ১৯৮২ সালে ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত অর্জিত সাফল্য নিয়ে আলোচনা করেন।চেয়ারম্যান এম ওয়াহিদুল হক তাঁর বক্তব্যে গুণগত গ্রাহকসেবা প্রদান, নিষ্ঠা ও মূল্যবোধ এবং নিয়ন্ত্রক আইনসমূহের প্রতি কঠোর আনুগত্য প্রদর্শনের ওপর জোর দেন। তিনি ব্যাংকের সব গ্রাহক ও শুভানুধ্যায়ীকে ব্যাংকের প্রতি তাঁদের সমর্থন ও বিশ্বাস স্থাপনের জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ দেন। এবি ব্যাংক বর্তমানে ৮৬টি শাখা, ১১টি এসএমই সেন্টার, দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান—এবি ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও এবি সিকিউরিটিজ, ভারতের মুম্বাইয়ে একটি বৈদেশিক শাখা এবং হংকংয়ে একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকসেবা প্রদান করছে। বিজ্ঞপ্তি।