এবিএম মূসা ছিলেন সাংবাদিকতার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আপসহীন, সাহসী সাংবাদিক ছিলেন এ বি এম মূসা। তিনি ছিলেন ব্যবহারিক সাংবাদিকতার শিক্ষক।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘এ বি এম মূসা স্মারক গ্রন্থ’র প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন। ‘এ বি এম মূসা-সিতারা মূসা ফাউন্ডেশন’ ওই স্মারকগ্রন্থটি প্রকাশ করে। বইটিতে এ বি এম মূসাকে নিয়ে ১০২ জনের লেখা ছাপা হয়েছে। এসব মূলত তাঁর মৃত্যুর পর লেখা। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বইটির সম্পাদনা পরিষদের সভাপতি।
প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এ বি এম মূসা ছিলেন স্বশিক্ষিত সাংবাদিক। তিনি সাংবাদিকতার শিখরে উঠতে সমর্থ হয়েছিলেন। সাম্প্রদায়িকতা বিরোধী চেতনা ও সামগ্রিকভাবে বাঙালি জাতীয়তাবাদের চেতনা বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাকিস্তান আমলে সামরিক সরকারের সময়ে এ বি এম মূসার সাহসী সাংবাদিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, সামরিক সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত কাজ সম্পর্কে যেসব উপদেশ দেওয়া হতো সেগুলো অবশ্য পালনীয় ছিল, কিন্তু তার ফাঁক ফোকর দিয়েও এ বি এম মূসা যেভাবে সত্য কথা বলার চেষ্টা করেছিলেন সেটি সাংবাদিকতার ইতিহাসে দৃষ্টান্ত। ক্রীড়াঙ্গনের পূর্ব বাংলার স্বার্থ নিয়ে তিনি অনেক সংগ্রাম করেছিলেন। এই স্মারকগ্রন্থ সাংবাদিকতার ইতিহাসের একটি পর্ব উন্মোচন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ বি এম মূসা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত করেছেন। তাঁকে নিয়ে সম্পাদিত এই স্মারকগ্রন্থটি দেশের সাংবাদিকতা শিক্ষায় বড় ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বলেন, এ বি এম মূসা সাংবাদিকতায় শুধু একটি নাম নয়, তিনি একজন বড় মাপের মানুষ ছিলেন।
নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, এটা সবাই স্বীকার করবেন যে, এ বি এম মূসা ছিলেন সাহসী সাংবাদিক, শিক্ষক, আপসহীন। তাঁর সাংবাদিকতার জীবন ছিল বর্ণাঢ্য। তিনি পাকিস্তান আমলে সামরিক সরকারের সময়ে পাকিস্তান অবজারভারে এ বি এম মূসার অধীনে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন।
সমকালের সম্পাদক গোলাম সরওয়ার বলেন, আপসহীন সাংবাদিকতার মূলমন্ত্রে দীক্ষিত হতে পারলেই এ বি এম মূসার প্রতি যথাযথ সম্মান জানানো হবে।
গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, মুসলমান সমাজে দ্বিতীয় প্রজন্মের প্রধান সাংবাদিকদের অন্যতম ছিলেন মূসা। সাংবাদিকতার জন্য অপরিহার্য সব গুণ তাঁর মধ্যে ছিল।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, এ বি এম মূসা ছিলেন ব্যবহারিক সাংবাদিকতার শিক্ষক। সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে পারলেই তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে। তিনি বলেন, এই ধরনের স্মারকগ্রন্থ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকতা বিভাগ, সাংবাদিক সংগঠনগুলোরও দায়িত্ব আছে।
প্রকাশনা উৎসবে এ বি এম মূসার স্ত্রী সিতারা মূসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাখাওয়াত আলী খান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে হলিডের সম্পাদক সৈয়দ কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ, এ বি এম মূসা-সিতারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।