এবিএম মূসা স্মরণে কুমিল্লায় সভা
বরেণ্য সাংবাদিক এবিএম মূসা স্মরণে গতকাল শনিবার কুমিল্লায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের উদ্যোগে বিকেল চারটায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, এবিএম মূসা ছিলেন কিংবদন্তি সাহসী এক কণ্ঠস্বর। শত চাপেও তিনি সত্য কথা বলতে সংকোচ করতেন না। দৃঢ়চিত্তে কথা বলতেন অত্যন্ত সাবলীলভাবে। তাঁর ক্ষুরধার লেখনী ও যুক্তিশীল কথা জাতি আজীবন স্মরণ করবে। চলনে-বলনে সাধারণ মানুষটি অসাধারণভাবে রাষ্ট্রযন্ত্রের নানা অনাচারের কথা তুলে ধরতেন। তাঁর শূন্যস্থান কোনোভাবেই পূরণ হবে না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাষাসৈনিক আহমদ আলী, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, সংগঠনটির সাবেক সভাপতি বদরুল হুদা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকী, সুশাসনের জন্য নাগরিক কুমিল্লার সম্পাদক আলী আকবর মাসুম, উদীচী কুমিল্লার সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।