এবিএম মূসাকে আক্রমণ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য এবিএম মূসাকে আক্রমণ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বক্তব্য দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ করেছেন প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি এবিএম মূসার কঠোর সমালোচনা করা হয়।গতকাল রোববার এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতারা বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মন্তব্য করেছেন, এবিএম মূসা মুক্তিযুদ্ধবিরোধী, মানসিক ভারসাম্যহীন ও প্রতিক্রিয়াশীল। এ মন্তব্য গণতান্ত্রিক শিষ্টাচারবহির্ভূত। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক মূসা শুধু সাংবাদিক সমাজের গর্ব ও অহংকারই নন, তিনি গণমানুষের স্বার্থরক্ষায় জোরালো ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগের মতো একটি পুরোনো দলের নেতা হয়ে হানিফ সর্বজনশ্রদ্ধেয় সাংবাদিককে এভাবে ব্যক্তিগত আক্রমণ করে জাতির সামনে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি।