এবিএম মূসার আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

আজ ৯ এপ্রিল, প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক এবিএম মূসার তৃতীয় মৃত্যুবার্ষিকী।
গতকাল শনিবার এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রখ্যাত এই সাংবাদিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার বাদ মাগরিব এবিএম মূসার মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় (সুবাস্তু রিমঝিম, ৫/২, ইকবাল রোড) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মূসার পরিবারের সদস্যদের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দীর্ঘ ৬৪ বছর সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক এবিএম মূসা। তাঁর জন্ম ১৯৩১ সালে নানাবাড়ি ফেনী জেলার ধর্মপুর গ্রামে। ১৯৫০ সালে দৈনিক ইনসাফ-এ যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু।
এবিএম মূসা চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরস্কার পেয়েছেন।
২০১৪ সালের এই দিনে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান।