এবিএম মূসার আজ প্রথম মৃত্যুবার্ষিকী
প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ এপ্রিল। গত বছরের এই দিনে তিনি বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন।
এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার বাদ আসর তাঁর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
দীর্ঘ ৬৪ বছর সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক এবিএম মূসা। জন্ম ১৯৩১ সালে তাঁর নানাবাড়ি ফেনী জেলার ধর্মপুর গ্রামে। ১৯৫০ সালে দৈনিক ইনসাফ-এ যোগদানের মাধ্যমে সাংবাদিকতা জীবনের শুরু। ওই বছরই তিনি তৎকালীন দৈনিক পাকিস্তান অবজারভার-এ যোগ দেন। ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভার-এ প্রথমে প্রতিবেদক, পরে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বিবিসি রেডিও, সানডে টাইমসসহ প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ পাঠাতেন।
দেশ স্বাধীন হওয়ার পর এবিএম মূসা বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক ও মর্নিং নিউজ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদেরও নির্বাচিত সদস্য।
১৯৭৮ সালে এবিএম মূসা ব্যাংককে অবস্থিত জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের (এসকাপ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক পদে যোগ দেন। দেশে ফিরে ১৯৮১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে কিছুদিন দৈনিক যুগান্তর-এ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এবিএম মূসা চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পূর্ব-পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরস্কার পেয়েছেন। তিনি মৃত্যুর আগে পর্যন্ত প্রথম আলোয় নিয়মিত কলাম লিখেছেন।