এবিএম মূসার জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিএম মূসা
এবিএম মূসা

বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসার ৮৩তম জন্মবার্ষিকী আজ। জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও ক্লাবের আজীবন এই সদস্য ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর নানার বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
এবিএম মূসা ৬৪ বছর ধরে সাংবাদিকতা করছেন। ১৯৫০ সালে দৈনিক ইনসাফ-এ তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। ওই বছর তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভার-এ যোগ দেন। ১৯৭১ সাল পর্যন্ত প্রতিবেদক, ক্রীড়া প্রতিবেদক ও বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় অবজারভার বন্ধ করে দেওয়া হলে তিনি সংবাদ-এ যোগ দেন। অবজারভার চালু হলে ১৯৫৪ সালে আবার ফিরে আসেন। মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ পাঠাতেন। স্বাধীনতার পর এবিএম মূসা বিটিভির মহাব্যবস্থাপক ও মর্নিং নিউজ-এর সম্পাদক ছিলেন। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১৯৭৮ সালে এই প্রবীণ সাংবাদিক ব্যাংককে জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের (এসকাপ) এশিয়া প্রশান্ত মহাসাগর এলাকার আঞ্চলিক পরিচালক পদে যোগ দেন। দেশে ফিরে ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক ছিলেন। ২০০৪ সালে তিনি কিছুদিন দৈনিক যুগান্তর-এর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এবিএম মূসা জাতীয় প্রেসক্লাবের চারবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ও পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এই সাংবাদিক। জনপ্রিয় কলাম লেখক এবিএম মূসা একজন দর্শকপ্রিয় আলোচক ও সংবাদ বিশ্লেষক হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাসায় শয্যাশায়ী আছেন। পরিবারের সদস্যরা তাঁর সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।