এবিএম মূসার মৃত্যুবার্ষিকী আজ

আজ ৯ এপ্রিল বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক এবিএম মূসার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত রোগে মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বাদ আসর মরহুমের বাসভবনে (সুবাস্তু রিমঝিম, ৫/২ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা) দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এতে অংশগ্রহণের অনুরোধ করেছে পরিবার ।
জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ক্লাবের আজীবন সদস্য এবিএম মূসা দীর্ঘ প্রায় ৬৪ বছর সাংবাদিকতা ও সংবাদপত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে গেছেন। ১৯৫০ সালে দৈনিক ইনসাফ-এ যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবন শুরু। ওই বছর তিনি তৎকালীন দৈনিক পাকিস্তান অবজারভার-এ যোগ দেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পর পাকিস্তান অবজারভার বন্ধ হলে তিনি দৈনিক সংবাদ-এ যোগ দেন। অবজারভার খুলে দেওয়া হলে ১৯৫৪ সালে তিনি সেখানে আবার যোগ দেন। ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভার-এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে যুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমসসহ বিভিন্ন পত্রিকার সংবাদদাতা হিসেবে তিনি রণাঙ্গন থেকে সংবাদ পাঠাতেন।