
হেমন্তের শেষ বেলায় গতকাল সোমবার শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে শুরু হলো প্রথমা প্রকাশনের ১১ দিনের বইমেলা। সম্প্রতি দেশের প্রয়াত কীর্তিমান প্রবীণ সাংবাদিক এবিএম মূসার স্মৃতির প্রতি নিবেদন করা হয়েছে এই মেলা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল এবিএম মূসার আত্মজীবনী আমার বেলা যে যায়-এর প্রকাশনা পর্ব। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। অনুষ্ঠানের অতিথি ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও অধ্যাপক আনিসুজ্জামান। বাবার স্মৃতিচারণা করেন এবিএম মূসার মেয়ে পারভীন সুলতানা। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
এবিএম মূসা তাঁর এই আত্মজীবনী লেখা শুরু করেছিলেন ২০১২ সালে। মাঝেমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন। সুস্থ হয়ে আবার লিখেছেন। পাণ্ডুলিপি তৈরির পর বারবার সংশোধন ও পরিমার্জন করেছেন। তাঁর অনুরোধে বইটির প্রচ্ছদ এঁকেছেন কাইয়ুম চৌধুরী আর ভূমিকা লিখেছেন আনিসুজ্জামান। কিন্তু ছাপা বইটি তিনি দেখে যেতে পারেননি। স্বাগত বক্তব্যে মতিউর রহমান বইটি সম্পর্কে এসব তথ্য তুলে ধরেন। বইটিতে এই প্রবীণ সাংবাদিক তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি দেশের আর্থসামাজিক, রাজনৈতিক ঘটনার গুরুত্বপূর্ণ বহু তথ্য তুলে ধরেছেন।
কাইয়ুম চৌধুরী তাঁর সঙ্গে এবিএম মূসার দীর্ঘকালের সম্পর্কের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে তাঁর স্নেহধন্য ছিলাম। অবজারভার গ্রুপে একসঙ্গে কাজ করার সুবাদে নানা প্রসঙ্গে আলোচনা করেছি। সেসব আলোচনা থেকে সমৃদ্ধ হয়েছি।’
আনিসুজ্জামান বলেন, সবাই যখন মনে করছে ছাপা বইয়ের প্রতি আগ্রহ কমে যাছে এবং বৈদ্যুতিন মাধ্যমের প্রতি আগ্রহ বাড়ছে, তখন একুশের গ্রন্থমেলা এবং শাহবাগে যে বইমেলা হচ্ছে, তাতে পাঠকদের বিপুল অংশগ্রহণ একটি ভালো লক্ষণ। এই মেলাগুলো পাঠককে তাঁদের পছন্দের বই জোগাচ্ছে।
এবিএম মূসা সম্পর্কে তিনি বলেন, সাংবাদিক হিসেবে তিনি যে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, সত্যপ্রিয়তা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা মনে রাখতে হবে। আত্মজীবনী গ্রন্থটিতে তিনি তাঁর অভিজ্ঞতা ও দেশের রাজনৈতিক ঘটনাবলির যে বিবরণ দিয়েছেন, তাতে আমাদের আনন্দ পাওয়ার ও জ্ঞানের সীমা বৃদ্ধি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
পারভীন সুলতানা বলেন, ‘বাবা বইটির পাণ্ডুলিপি চূড়ান্ত করে গিয়েছিলেন। তবে এটি যে এত অল্প সময়ের মধ্যে প্রকাশিত হবে, তা ভাবতে পারিনি।’ তিনি প্রথমা প্রকাশনীকে বইটি দ্রুত প্রকাশের জন্য ধন্যবাদ জানান। আমার বেলা যে যায় বইটির দাম ৩৭৫ টাকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমেদ।
প্রথমার এই বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রথমার বই বিক্রি হচ্ছে শতকরা ২৫ থেকে ৬০ ভাগ কমিশনে। এ ছাড়া কয়েকটি দেশি প্রকাশনীর বই পাওয়া যাবে শতকরা ৭০ ভাগ পর্যন্ত কমিশনে। আরও পাওয়া যাবে ভারতের বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন বই, সাময়িকী এবং সাহিত্যের ছোট পত্রিকা।