এবিটি নেতা আটক হয়েছিলেন ২২ দিন আগে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মাকসুদুর রহমানকে আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ—ছবি: আসাদুজ্জামান
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মাকসুদুর রহমানকে আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ—ছবি: আসাদুজ্জামান

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ‘শরিয়া সদস্য’ হিসেবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে ২২ দিন আগেই আটক করেছিল পুলিশ। ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে গত ১৬ মার্চ রাতে গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছিল। এ বিষয়ে ওই সময় গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছিল।
তবে পুলিশের দাবি মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ নামের ওই ব্যক্তিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার বায়তুসসালাহ সুরুজ মিয়া জামে মসজিদের সামনে থেকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।
যাত্রবাড়ী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি মাকসুদুর রহমানকে ছয় দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। এর আগে এই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার। রিমান্ড শুনানির সময় মাকসুদুর রহমান ও তাঁর আইনজীবী নজরুল ইসলাম আদালতের কাছে দাবি করেন, গত ১৬ মার্চ ময়মনসিংহ থেকে তাঁকে আটক করা হয়। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ব্লগার, রাজনীতিবিদ ও লেখকদের হত্যা করে সরকারের ভাবমূতি নষ্ট করার জন্য যাত্রাবাড়ী এলাকায় একত্র হয়েছিল। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।

প্রথম আলোর ময়মনসিংহ অফিস জানায়, মাকসুদুর রহমানের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামে। ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে ১৬ মার্চ রাতে মাকসুদুর রহমানকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধ কী অভিযোগ রয়েছে, তা তখন জানায়নি পুলিশ।

ওই সময় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মোল্লা প্রথম আলোকে বলেছিলেন, ‘ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি দল মাকসুদুর রহমানকে আটক করে ঢাকায় নিয়ে গেছে। তাঁর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ আছে কি না, সেই বিষয়ে আমাদের কিছু জানায়নি ডিবি পুলিশের ওই দল।’

ফুলপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাকসুদুর রহমান ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে ইমামতি করতেন। প্রায় তিন মাস আগে তাঁকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ঢাকায় থাকতেন।