এবিসি রেডিওর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এবিসি রেডিও এফএম ৮৯.২-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন প্রতিষ্ঠানটির কর্মী, কলাকুশলী ও আগত অতিথিরা। ২০০৯ সালের ৭ জানুয়ারি যাত্রা শুরু করেছিল এবিসি। এ উপলক্ষে আজ শনিবার কারওয়ান বাজারের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এতে শামিল হন ট্রান্সকম গ্রুপ ও মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্য ও কর্মকর্তারা। এ সময় উৎসবের আমেজে কর্মী ও কলাকুশলীদের উপস্থিতিতে কেক কাটা হয়।
এবিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এবিসি রেডিও এখন ১ নম্বর অবস্থানে আছে। এটাকে ধরে রাখাটাই হবে সবচেয়ে বড় কাজ। এ জন্য ভালো মানের অনুষ্ঠান ও সৃজনশীলতার ওপর জোর দিতে হবে। তিনি বলেন, ‘এবিসি বর্তমানে তিনটি স্টেশনের মাধ্যমে কাজ করছে। অচিরেই আরও তিনটি স্টেশনের মাধ্যমে আমরা সারা দেশের শতভাগ শ্রোতার কাছে পৌঁছে যেতে পারব।’
প্রথম আলোর সম্পাদক ও এবিসি রেডিওর অন্যতম পরিচালক মতিউর রহমান বলেন, ‘এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময়। যারা দ্বিতীয় অবস্থানে আছে, তাদের থেকে আমাদের পার্থক্য আরও এগিয়ে নিতে হবে। ভালো অনুষ্ঠান ও সংগীতের মাধ্যমে শ্রোতাসংখ্যা আরও বাড়াতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিসি রেডিওর পরিচালনা পর্ষদের সদস্য সাইফুর রহমান, আতিকুর রহমান ও আরশাদ ওয়ালিউর রহমান। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নির্বাহী পরিচালক জালালউদ্দিন আকন্দ ও প্রধান পরিচালনা কর্মকর্তা ড্যানিয়েল আফজালুর রহমান। প্রথম আলোর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন পরামর্শক সম্পাদক কামাল আহমেদ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রধান বাণিজ্য কর্মকর্তা তানভীর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে এবিসি রেডিওর বিভিন্ন বিভাগের আটজনকে ২০১৫ সালের সেরা কর্মীর পুরস্কার দেওয়া হয়। এঁরা হচ্ছেন ফজলুর রহমান, মো. সাব্বির নেওয়াজ, মো. গোলাম কিবরিয়া সরকার, মো. জাহিদুল ইসলাম, পঙ্কজ রায়, মো. আপেল মাহমুদ, মো. জহিরুল ইসলাম ও শারমীন রাব্বানী।
এর আগে ৭ জানুয়ারি জন্মদিন উপলক্ষে দেশের জনপ্রিয় তরুণ গায়ক ও শিল্পীরা শুভেচ্ছা জানাতে এবিসি রেডিওর কার্যালয়ে আসেন। দিনব্যাপী প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান।
